Dhaka Mail Logo

শিক্ষা

ডাকসুতে অনিয়মের অভিযোগ, অবস্থান জানাল ঢাবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সাম্প্রতিক নির্বাচনে বিভিন্ন পক্ষ থেকে করা অভিযোগ ও আবেদন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারটি গুরুত্বপূর্ণ দফায় প্রশাসনের অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তির প্রথম অংশে বলা হয়, ডাকসু নির্বাচন ঘিরে জমা দেওয়া অভিযোগ ও আবেদনগুলো যাচাই-বাছাই চলছে। প্রশাসন সব আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে এবং প্রয়োজনে আইনজীবীদের মতামতও নিচ্ছে। প্রতিটি আবেদনের বিষয়ে আলাদাভাবে সিদ্ধান্ত নিয়ে আবেদনকারীদের জবাব জানানো হবে।

তবে সম্প্রতি এক ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় এখনই প্রতিক্রিয়া জানানো সমীচীন মনে করছে না।

এরপর আলোচনায় উঠে আসে সিসিটিভি ফুটেজ সংক্রান্ত বিষয়। প্রশাসন জানিয়েছে, পুরো নির্বাচনের সিসিটিভি ফুটেজ কোনো পাবলিক ডকুমেন্ট নয়। তবে কোনো প্রার্থী নির্দিষ্ট সময় বা ঘটনার ভিত্তিতে ফুটেজ দেখতে চাইলে যথাযথ আবেদন করে নির্ধারিত স্থানে, প্রশাসনের মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে তা পর্যবেক্ষণ করতে পারবেন।

দ্বিতীয় দফায় আলোচনা হয় ভোটার স্বাক্ষর তালিকা নিয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এটি একটি সংবেদনশীল ও গোপনীয় দলিল। ডাকসুর নির্বাচনবিধিতে এমন তালিকা দেওয়ার কোনো বিধান নেই। ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতেই এটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তৃতীয় দফায় আসে ব্যালট পেপার ছাপানোর স্থান ও প্রক্রিয়া নিয়ে অভিযোগ। বিশ্ববিদ্যালয় বলছে, নিরাপত্তার কারণে ইচ্ছাকৃতভাবেই ব্যালট পেপার ছাপানোর প্রতিষ্ঠানের নাম গোপন রাখা হয়েছে। এটি একটি স্বীকৃত প্রক্রিয়া। ছাপার পর প্রতিটি ব্যালট ওএমআর স্ক্যানিং মেশিনে যাচাই করা হয়। ব্যালট ছাপা হয়েছে এমন কোনো জায়গায় নয়, যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে নির্বাচন শেষে ব্যালট মুদ্রণ নিয়ে অভিযোগের কোনো ভিত্তি নেই বলেই মনে করছে কর্তৃপক্ষ।

শেষ দফায় বলা হয়, ডাকসু নির্বাচন ঘিরে জমা পড়া সব আবেদন ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। খুব শিগগিরই প্রতিটি আবেদনকারীকে লিখিতভাবে জবাব পাঠানো হবে।

এইউ