বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে জাকিরের দোকানে (মাঝখানের দোকান) মরা ও পচা মুরগির হালিম বিক্রির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী উক্ত দোকানে হালিম খেতে গিয়ে এই অভিযোগ করেন।
জিয়া হল সংসদের ভিপি মাহবুব তালুকদার শিক্ষার্থী সংসদ-২ এ অভিযোগ করে লিখেন, আমরা কয়েকজন হালিম খেতে গিয়ে মুরগি থেকে গন্ধ পাই, দোকানের পরিচালক জাকির ভাইকে দেখালে সে হালিম বিক্রি বন্ধ রাখে।
তিনি আরও লিখেন, গন্ধ বের হলে দোকান পরিচালক জাকির মুহূর্তের মধ্যে হালিম ড্রেনে ফেলে দেয় যাতে এই খাবার ল্যাব টেস্ট করানো না যায়। পরবর্তীতে আমরা প্রক্টর অফিস ও সিকিউরিটি অফিসারকে জানালে তারা বিধি মোতাবেক দোকান বন্ধ করে দেন।
এই শিক্ষার্থী আরও লিখেন, আজ সকালে শহীদুল্লাহ হলের সেলিম ভাইয়ের দোকানেও মরা মুরগি পাওয়া গেছে। জাকির ও সেলিম দুইজনই আনন্দবাজার (তাহের, রিপন) থেকে ফ্রিজিং মুরগি নিয়ে এসেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা মেইলকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল টিম গিয়ে দোকানটি বন্ধ করে দেয়। আগামীকাল মুরগির স্যাম্পল টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হবে। ততক্ষণ পর্যন্ত উক্ত দোকানটি বন্ধ থাকবে।
আইএসএস/এআর