বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সংবাদ প্রকাশের জেরে মব সৃষ্টি করে সাংবাদিকদের উপর হেনস্তার অভিযোগ উঠেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ৩০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বি. এম. ফয়সাল এবং একই কক্ষে অবস্থানরত মানবকণ্ঠের সাংবাদিক জুবায়ের রহমান ও খোলা কাগজের হাছিবুল ইসলাম সবুজ।
এসময় সেখানে উপস্থিত রূপালী বাংলাদেশের সাংবাদিক জাহিদুল ইসলাম ও দৈনিক কুমিল্লার ক্যাম্পাস সাংবাদিক মাসুম।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বিজয় ২৪ হলের ৩০৫ রুমে এসে দরজায় ধাক্কা দিয়ে ফয়সালকে হুমকি দিতে শুরু করেন কয়েকজন। এরপর ২০-৩০ জন এসে মব তৈরি করার চেষ্টা করে। তখন মানবকণ্ঠের সাংবাদিক জুবায়ের হোসেন তাদের রুমে কেন এসেছেন প্রশ্ন করেন। এসময় মব সৃষ্টিকারীরা ভুক্তভোগী সাংবাদিক ফয়সালকে বের করে আনার নির্দেশ দেন। এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফয়সালকে মারতে তেড়ে আসে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনাস্থলে রূপালী বাংলাদেশের সাংবাদিক জাহিদুল ইসলাম উপস্থিত হতে গেলে আইন বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম পলাশ সাংবাদিক পরিচয় পেয়ে ধর ধর বলে গলা চেপে ধরে।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী অন্তু দাস নিয়ম ভেঙে বিজয়-২৪ হলের ৩১২ নম্বর কক্ষে বহিরাগত এক নারী (যাকে ‘খালা’ পরিচয়ে এনেছিলেন) এবং আরও দুজন পুরুষ নিয়ে আসেন।
বিশ্ববিদ্যালয় হল প্রভোস্ট সূত্রে জানা যায়, হলে আইন অনুযায়ী বহিরাগত প্রবেশ নিষিদ্ধ রয়েছে। ওই ঘটনার পর হল প্রভোস্ট আবারও একটি বিজ্ঞপ্তি দেন। সেখানে বলা হয় হলের কোনো শিক্ষার্থীদের গেস্ট (পুরুষ-মহিলা) হলের ভিতরে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বিশেষ কারণবশত, হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে বিবেচনা করা যেতে পারে।
হলে বহিরাগত প্রবেশে নিয়ে "কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয়-২৪ হল কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের জের ধরে রাত ১২টার দিকে প্রায় অর্ধশত শিক্ষার্থীকে উস্কে দিয়ে মব সৃষ্টি করে কয়েকজন শিক্ষার্থী।
মব তৈরি করে হামলাকারীদের মধ্যে ছিলেন অর্থনীতি বিভাগের মোহাম্মদ হাসান ও মোহাম্মদ ফয়সাল, নৃবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তন্ময় সরকার, নৃবিজ্ঞান বিভাগের প্রান্তিক অঙ্গন দাশ, আইন বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম পলাশ, বাংলা বিভাগের জয় ঘোষ ও রকিবুল ইসলাম জিসান, গণিত বিভাগের ফারহান, প্রতœতত্ত্ব বিভাগের আরেফিন তাজবীহ, ইংরেজি বিভাগের কাজী তাহসিন ও রুহিত পাল এবং মার্কেটিং বিভাগের সাজিদসহ ২০-৩০ জন।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বি. এম. ফয়সাল বলেন, ‘আমি রুমে বসে পড়ছিলাম। হঠাৎ হলের বর্ধিত অংশ থেকে প্রায় ২০-৩০ জন আমার নাম ধরে ‘ধর ধর’ বলে মব তৈরি করে রুমে প্রবেশ করে। তখন আমার রুমমেট জুবায়ের ভাই বাধা দিতে গেলে তার ওপর আক্রমণাত্মক আচরণ করে। পরে আরও কিছু শিক্ষার্থী মবের উদ্দেশে সেখানে উপস্থিত হয়।
সাংবাদিকের হাতে আসা ভিডিও ও মেসেঞ্জার গ্রুপের ছবিতে দেখা যায়, নৃ-বিজ্ঞান বিভাগের তন্ময় সরকার মব তৈরি করার জন্য উসকে দেয়। তিনি মেসেঞ্জার গ্রুপে লিখেন, ‘১৫ ব্যাচের সবাই উপরে আয় ১৮ এত্ত সাহস কেমনে পায়।’
এরপর হলের কিছু শিক্ষার্থীদের নিয়ে মব করার উদ্দেশে ভুক্তভোগীর কক্ষে চলে যান। প্রতিবেদকের হাতে থাকা ভিডিওতে দেখা যায়, তন্ময় ও প্রান্তিক সরকার ভুক্তভোগীদের সঙ্গে উচ্চবাচ্য করেন এবং মারতে এগিয়ে আসেন।’
এসব বিষয়ে জানতে তন্ময় সরকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জুনিয়র যদি বেয়াদবি করে তখন আমি কী বসে থাকবো? আমি গ্রুপে মেসেজ দিয়েছি সবাইকে আসার জন্য। আমি সেখানে মব কন্ট্রোল করার জন্যই গিয়েছি।
সাংবাদিককে মারতে উদ্যত হওয়ার বিষয়ে জানতে জহিরুল ইসলাম পলাশকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফয়সাল ভুক্তভোগী সাংবাদিককে মারার উদ্দেশে তার কক্ষে প্রবেশ করেন। এসময় কক্ষের অন্য সাংবাদিকরা তাকে বাধা দিলে তাদের সঙ্গে উচ্চবাচ্যে কথা বলা শুরু করেন।
তবে অভিযুক্ত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফয়সাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রুমে যাইনি এবং কিছু করিনি। তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।’
মব তৈরি করে হামলার বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বিষয়টি এড়িয়ে যান।
এদিকে বিশ্ববিদ্যালয় আইন ও বিধি অমান্য করে সাংবাদিকদের উপর মব তৈরি করা ও হেনস্তা করার ঘটনাকে ক্যাম্পাস সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
বিজয় ২৪ হলের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘সাংবাদিক যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়াটাই ঠিক। কোনোভাবেই মব লিঞ্চিং করা ঠিক নয়, এটা অন্যায়। এছাড়া ‘মা-খালা যাইহোক, অনুমতি ছাড়া হলে প্রবেশ করানো ঠিক হয়নি।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, কোনো সাংবাদিক যদি মিথ্যা তথ্য বা কোনো কিছুকে ভুলভাবে উপস্থাপন করে তাহলে সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ লিপি পাঠানো যায়। যদি তাতেও না হয় প্রেস কাউন্সিলে অভিযোগ করা যায় ও আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কাউকে বিচার বহির্ভূতভাবে শাস্তি দেওয়া যায় না।
বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, সাংবাদিক সংবাদ প্রকাশ করবেই। তবে যদি মিথ্যা তথ্য ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু তা না করে হেনস্তা কিংবা মব তৈরি করে হামলা করা কোনো ভাবেই কাম্য নয়।
এএইচ