Dhaka Mail Logo

শিক্ষা

হঠাৎ উত্তেজনা, টিএসসিতে ১০ মিনিট বন্ধের পর পুনরায় ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে দুপুরের পর হঠাৎ উত্তেজনা দেখা দেয়। ছাত্রদলের স্লোগানমুখর অবস্থানের কারণে প্রায় ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখতে হয় কর্তৃপক্ষকে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ভোটগ্রহণ শুরু হয় এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে, যেখানে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

এদিকে নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট পড়েছে ৩৫ শতাংশ। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা সাংবাদিকদের জানান, সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত টিএসসি কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ হয়েছে। প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় প্রায় ২ হাজার ২৮০ ভোট পড়েছে।

তিনি বলেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যেতে পারে। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এএইচ/এআর