images

শিক্ষা

আজীবন সম্মাননা পেলেন ৪ গণিতবিদ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২২, ১১:২২ পিএম

আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন দেশবরেণ্য চার গণিতবিদ। বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও কুমিল্লা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘ম্যাথ ফেস্ট, ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

আজীবন সম্মাননাপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. সুব্রত মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক সত্রজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comilla Uv

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, গণিত বিভাগের অনেক অপর্যাপ্ততার কথা আমরা শুনেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অবকাঠামোগত সংকট রয়েছে। আমরা খুব শিগগিরই এমন অবকাঠামোতে পৌঁছাতে যাচ্ছি, যা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

গুণীজন সম্মাননার বিষয়ে তিনি বলেন, আমাদের দেশে গুণীদের তেমন সম্মান করা হয় না। গণিত বিভাগের এই আয়োজন ভবিষ্যৎ গণিতবিদদের অনুপ্রাণিত করবে।

এছাড়া বাংলাদেশ গণিত সমিতির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমরা গণিত সমিতি অনেক ধরনের সেমিনার, ওয়ার্কশপ, অলিম্পিয়াড করে থাকি। বিশ্ববিদ্যালয় যদি চায় আমরা এসব করতে পারি।

গুণীজনদের সম্মাননার জন্য কুবির গণিত বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গুণীজনদের সম্মান না করা হলে গুণীজন জন্মায় না। আমাদের সফল এবং ভালো মানুষ হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সামনে অনেক সুযোগ, তোমরা হতাশ হবে না। জেদ থাকা ভালো তবে তা ভালো কাজে। তোমরা বাজে চিন্তা করবে না। দেখবে অবশ্যই সফল হবে।

ডিএইচডি/আইএইচ