Dhaka Mail Logo

শিক্ষা

সাপ্লিমেন্টারি পরীক্ষা-কলেজে ভর্তিসহ ৪ দাবি এসএসসিতে অকৃতকার্যদের

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম

এসএসসি ও সমসমান (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কলেজে ভর্তি নিশ্চিতসহ চার দফা দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পুরান ঢাকার বকশি বাজারের শিক্ষা বোর্ডের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানান অকৃতকার্য শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবি, শিক্ষা কার্যক্রমের সব কিছু সংস্কার না করে শুধু ফলাফলে সংস্কার করা হয়েছে। এতে বেশি শিক্ষার্থী ফেল করেছে। দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমরা আন্দোলন চালিয়ে যাবো। 

তাদের চার দফা দাবিগুলো হলো- 
১. প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে। বোর্ডভদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল, তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
২. অকৃতকার্য শিক্ষার্থীদের অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে। 
৩. এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। 
৪. অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও, প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে এডমিশন নিতে পারবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এ বছর সাড়ে ছয় লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এই বিপুল পরিমাণ শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাই দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এ সময় তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশে আরও বলেন, আমরা আশাবাদী যে, এবার ফলাফল বিপর্যয়ের বিষয় বুঝে দাবিগুলোর ব্যাপারে বোর্ড ইতিবাচক হবে৷ দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ভালো করতে বোর্ড দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনা করবে। 

এ বিষয়ে জানতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের মোবাইলে একাধিক বার কল করেও তার সাড়া মেলেনি। 

এএসএল/ইএ