Dhaka Mail Logo

শিক্ষা

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪২ এএম

জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শনিবার (৪ জানুয়ারি) রাত আটটার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা।

মিছিলে ‘তুমি কে আমি কে-বাংলাদেশি বাংলাদেশি, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা, গুজব লীগের আস্তানা-ভেঙে দাও গুঁড়িয়ে দাওসহ নানা স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, গুজব লীগ যেমন অপপ্রচার করে এই বাংলাদেশে টিকতে পারেনি, ময়ূখ রঞ্জন ঘোষের সাথীদের বলতে চাই, আপনারাও আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে সাধারণ শিক্ষার্থীদের মন থেকে আমাদের মুছে দিতে পারবেন না।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, যেসব মুনাফিক সংগঠন, গোপন সংগঠন, ছাত্রদলকে নিয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আর কোনো অপপ্রচার যদি আপনারা চালান তাহলে কিন্তু ভালো হবে না। ছাত্রদল কারও রক্তচক্ষুকে ভয় পায় না।

শিপন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে রাজপথে দীর্ঘ লড়াই-সংগ্রামে অবতীর্ণ ছিল, ঠিক তেমনি শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় রাজপথে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, আমাদের ভালো কাজগুলোকে সহ্য করতে না পেরে নামে-বেনামে অনেক গুজব বাহিনী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা ছাত্রদলের জনপ্রিয়তাকে কমাতে পারেনি। আমাদের বিরুদ্ধে বলা হয়েছিল আমরা নাকি ভিসি স্যারকে হেনস্থা করেছি কিন্তু আজকে প্রক্টর স্যার নিশ্চিত করেছেন যে কোনো হেনস্থার ঘটনা সেখানে ঘটেনি।

তিনি বলেন, উপাচার্য ও প্রক্টরকে বলতে চাই আপনারা মব ক্রিয়েট বন্ধ করুন। কিন্তু আমরা যদি জানতে পারি আপনারাই মব সৃষ্টির পেছনে রয়েছেন তাহলে ঢাবি ছাত্রদলের সভাপতি হিসেবে আমি আপনাদের হুঁশিয়ারি দিয়ে গেলাম।

গণেশ বলেন, ৭১ এর পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব কুচক্রী মহলকে প্রতিহত করতে হবে। 

ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, আজকে গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলার ঘটনায় তার সুস্বাস্থ্য কামনা করে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

আরএ/এমআর