বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম
ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা নামে একটি পেজ থেকে ৫ আগস্ট এর পর থেকে বিভিন্ন শিক্ষার্থী ও ছাত্রদলের বিরোধী মতাদর্শের বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন প্রচারণা চালানো হয়৷ এই পেজটির এডমিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের এক ছাত্রদল নেতার বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকী তার ফেসবুক পেইজে ডিপার্টমেন্ট অব বাকশালের এডমিন প্যানেলের একটি স্ক্রিনশট প্রকাশ করেন। এতে দেখা যায় তানভীর আল হাদি মায়েদের আইডিটি রয়েছে এডমিন প্যানেল তালিকায় এডমিন প্যানেলের অন্য একটি আইডির নাম আব্দুল গনি। তানভীর হাদি আল মায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রদলের প্রচার সম্পাদক।
মুহূর্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে এটি ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে। আব্দুল্লাহিল বাকী উক্ত পোস্টে তানভীর হাদি আল মায়েদ ও আব্দুল গনি আইডিটি চালান বলে কমেন্ট করেন। কিন্তু একই সাথে এও বলেন যে তিনি এডমিন প্যানেলের কেউ নন।
ফেসবুকে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে লিখেছেন অনেকেই। নাবিলা তালুকদার নামে একজন লেখেন, ডিপার্টমেন্ট অব বাকশাল নামক পেজটি থেকে ক্রমাগতভাবে আক্রমণাত্মক অহেতুক ট্যাগিং করা এবং উক্ত ট্যাগিং কালচারের মাধ্যমে মানুষকে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়।
ইমরান হোসাইন নামে একজন লেখেন, যাদের রেপুটেশন নষ্ট করেছে, তাদের উচিত আইনের শরণাপন্ন হওয়া।
এ বিষয়ে আব্দুল্লাহিল বাকী বলেন, পুরো এডমিন লিস্ট অথেনটিক সোর্স থেকেই আমরা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে একটা পেজ থেকে বিভিন্ন মানুষের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, এটা কারো কাছ থেকেই আমরা প্রত্যাশা করি না।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের তানভীর হাদী আল মায়েদের সাথে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এফএ