Dhaka Mail Logo

শিক্ষা

জুলাই গণহত্যার বিচার নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর দ্য ট্রায়াল অ্যাট দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল (আইসিটি), মানবতাবিরোধী অপরাধ, জুলাই গণহত্যার বিচার, জনগণের ট্রাইব্যুনালের প্রতি আকাঙ্ক্ষা এবং নির্যাতিতদের ন্যায়বিচার পাওয়ার কৌশল বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট উদয় তাসমীর। সেমিনারে আরও বক্তব্য রাখেন, আইন বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম হাবিব, সহকারী অধ্যাপক আবদুল্লাহিল গণি, ব্যারিস্টার তাসনীম ফেরদৌস, সুমাইয়া ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী মো. হাসান মাহমুদ।

প্রধান আলোচক ব্যারিস্টার শাইখ মাহদী, জুলাই গণহত্যার মামলাগুলোর বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কেন হওয়া উচিত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ট্রাইব্যুনালে মামলা দায়ের এবং বিচারপ্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা আসামিদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রমের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিচারের আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

সেমিনারের শেষভাগে, জুলাই গণহত্যার বিচার এবং পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত অপরাধগুলোর বিচার নিয়ে ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার শাইখ মাহদী।

এইউ