Dhaka Mail Logo

শিক্ষা

পাঁচ দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাও জবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেয়।

প্রথম বর্ষের শিক্ষার্থী তামজিদ হোসেন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১টি হল থাকা সত্ত্বেও, তাদেরকে পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকার বঞ্চিত। আমাদের কেন পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি? যতক্ষণ না আমাদের দাবির সমাধান হচ্ছে, ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।"

এদিকে, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া জানান, "বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণ হচ্ছে, অথচ আমরা জবিয়ানরা পিছিয়ে রয়েছি। আমাদের অনেক শিক্ষার্থীকে টিউশনির কাজ করতে হয়। আমাদের দাবি, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে। ইউজিসির হিট প্রকল্পটি আমাদের জন্য বৈষম্যমূলক।"

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, "আমরা শিক্ষামন্ত্রণালয়কে তিন দিনের আল্টিমেটাম দেব। এই সময়ের মধ্যে আমাদের দাবির সুরাহা না হলে, আমাদের আন্দোলন চলবে। এছাড়া, হিট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে লিখিতভাবে ঘোষণা করতে হবে।"

এদিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরাও আন্দোলনে সমর্থন জানান। শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার বলেন, "শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য আন্দোলনে আমরা সমর্থন জানাই। আমরা আন্দোলনে যুক্ত আছি এবং দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর কাছে ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে।"

শিক্ষার্থীরা আন্দোলনে বিভিন্ন স্লোগান দেন, যেমন—"এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার", "ঘেরাও ঘেরাও, মন্ত্রণালয় ঘেরাও", "বৈষম্য মানব না, মানি না", "দিতে হবে দিয়ে দাও, দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে দাও", "যদি থাকে হায়া লাজ, সেনাবাহিনীকে দাও কাজ"।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— 
স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তাদের হাতে কাজ হস্তান্তর করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখাসহ ঘোষণা করতে হবে যে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়েছে।
অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুরানো ক্যাম্পাস সম্পর্কিত স্বৈরাচার সরকারের আমলে করা সকল চুক্তি বাতিল করতে হবে।
সম্প্রতি ইউজিসির ঘোষিত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটের জন্য সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে।
শিক্ষার্থীরা এ দাবিগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

এইউ