Dhaka Mail Logo

শিক্ষা

অগ্রণী স্কুলের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ আগস্ট ২০২৪, ১২:৪৯ পিএম

আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের নানাভাবে হয়রানির প্রতিবাদে স্কুলের জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করছে তারা।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টার আগে তারা সেখানে জড়ো হন। তাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরাও।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা স্কুল প্রাঙ্গণের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের কয়েকজনকে স্কুলের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। এ নিয়ে তারা এখন বিক্ষোভ করছেন সেখানে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মাঝেই তারা স্কুলের বাহিরে দাঁড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদত্যাগ দাবি করছেন। তবে এখন পর্যন্ত অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেউ তাদের সাথে কথা বলেনি।

শারমিন সুলতানা নামে একজন সাবেক শিক্ষার্থী জানান, ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়ার কারণে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের নানাভাবে হয়রানি করছেন অধ্যক্ষ। এ কারণে ছাত্র-ছাত্রীরা তার পদত্যাগ দাবি করেছে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত তারা আজ প্রতিষ্ঠান থেকে নড়বেন না।

শিক্ষার্থীরা জানিয়েছে, তারা অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়াও তাদের দশ দফা দাবি রয়েছে। প্রতিষ্ঠানটি ভেতরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম হয়ে আসছিল। এসব অনিয়ম নিয়ে যারা প্রতিবাদ করতেন তাদেরকে নানাভাবে হয়রানি করতেন ম্যানেজিং কমিটির সদস্যরা এবং অধ্যক্ষ। তারা সব কিছুর সংস্কার চান। এজন্য আজ সেখানে জড়ো হয়েছেন।                   

এমআইকে/এএস