বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের চাপায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, যারা ঢাকা-আরিচা সড়কে চলাচল করেন তারা সেলফি পরিবহনের আতঙ্ক নিয়ে চলাচল করেন। গতকাল জাবি শিক্ষার্থী রুবেলকে পরিকল্পিতভাবে বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এটার বিচার করতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত মহাসড়কে সেলফি পরিবহন চলতে দেওয়া হবে না। সেলফি পরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না আমরা সন্দিহান। রুবেলের এই পরিকল্পিত হত্যার বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত সেলফি পরিবহন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ৩২ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. শাহাবুদ্দিন বলেন, নিরাপদ সড়কের দাবি নিয়ে অনেকদিন ধরে চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। সড়কে বাসচাপা দিয়ে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। এমন মৃত্য আমরা আর চাই না। রুবেল পারভেজের যে ক্ষতি হয়েছে তা আমরা দিতে পারব না কিন্তু তার পরিবারের সমস্ত ক্ষতিপূরণ সেলফি পরিবহনকে নিতে হবে। সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল করতে হবে৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলার সহ-সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।
প্রতিনিধি/এসএস