images

শিক্ষা

প্রধান শিক্ষকদের একই উপজেলায় বদলির আবেদন শুরু ৩ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২৩, ০৪:৪৩ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একই উপজেলা বা থানার মধ্যে অনলাইনে বদলি কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে শনিবার (৫ আগস্ট) অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

রোববার (৩০ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে সব বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই উপজেলার মধ্যে বদলি হতে আগ্রহী প্রধান শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের ক্ষেত্রে প্রধান শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০১২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

অধিদফতর জানিয়েছে, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।

ডব্লিউএইচ/এমএইচটি