Dhaka Mail Logo

অর্থনীতি

‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোনো ব্যাংক বন্ধ হবে না’

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে- এমন একটি গুঞ্জন জোরেশোরে প্রচার হচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় গ্রাহকদের আশ্বস্ত করল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোনো ব্যাংক বন্ধ হবে না।

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

আরও পড়ুন: ব্যাংক কর্মীদের জবাবদিহিতা বাড়ানোর তাগিদ

এই কর্মকর্তা বলেন, ‘কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানালেই হবে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করবো।’

bank

বৈঠক প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে বিশ্বব্যাংকের চলমান যেসব প্রকল্প রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করেছে।’

এদিকে রোববার বাংলাদেশ ব্যাংকের জরুরি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

জেবি