জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
দেশের ব্যাংকের কর্মকর্তারা ২০২৭ সালে মোট ৩১ দিন ছুটি পাবেন। এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহা উপলক্ষ্যে ছয় দিন ছুটি থাকবে। আগামী বছরের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। পরে তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
তালিকা অনুযায়ী, ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে। রোজার ঈদ উপলক্ষ্যে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকবে।
এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষ্যে ব্যাংকে ছুটি থাকবে।
কোরবানির ঈদ উপলক্ষ্যে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ছুটিও রয়েছে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষ্যে ব্যাংকে ছুটি থাকবে।
বছরের দ্বিতীয়ার্ধে ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষ্যে নবমী ও বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনে ব্যাংক বন্ধ থাকবে।
এ ছাড়া ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটিগুলো পরিবর্তিত হতে পারে।
টিএই/এসআই