Dhaka Mail Logo

অর্থনীতি

জ্বালানি তেল বিক্রিতে কমিশন ৯ শতাংশ করার দাবি পেট্রোল পাম্প মালিকদের

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়িয়ে ৯ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, পরিচালন ব্যয়, কর্মচারীদের বেতন, ব্যাংকঋণের সুদ ও বিভিন্ন লাইসেন্সের খরচ বেড়ে যাওয়ায় বর্তমান কমিশনে পেট্রোল পাম্প পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় কমিশন পুনর্নির্ধারণ না হলে অনেক পাম্প লোকসানের মুখে পড়বে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানায় সংগঠনটি।

চিঠিতে বলা হয়, বর্তমানে ডিজেল বিক্রিতে কমিশন ২ দশমিক ৭৫ শতাংশ, কেরোসিনে ১ দশমিক ৯৫ শতাংশ, অকটেনে ৪ দশমিক ০৯ শতাংশ এবং পেট্রোলে ৪ দশমিক ১৩ শতাংশ। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের গেজেট অনুযায়ী নির্ধারিত এই কমিশনের মধ্যেই পাম্পের অবচয় ও সব ধরনের পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে প্রকৃত আয় আরও কমে যাচ্ছে।

সংগঠনটির দাবি, দেশের অধিকাংশ পেট্রোল পাম্পে দৈনিক তেল বিক্রির পরিমাণ ২ হাজার থেকে ৪ হাজার লিটারের মধ্যে। গড়ে ৩ হাজার লিটার তেল বিক্রি হলে বর্তমান কমিশন অনুযায়ী দৈনিক আয় দাঁড়ায় প্রায় ১৪ হাজার ৯৫ টাকা। মাসে এই আয় প্রায় ৪ লাখ ২২ হাজার ৮৫০ টাকা। অথচ একটি পাম্প পরিচালনায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ ও জেনারেটর ব্যয়, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খাতে মাসে প্রায় সাড়ে ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকা ব্যয় হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগে একটি লাইসেন্সের বিপরীতে পাম্প পরিচালনা করা গেলেও বর্তমানে ১০টি আলাদা দপ্তরের লাইসেন্স গ্রহণ ও নবায়নের প্রয়োজন হচ্ছে। এসব লাইসেন্সের ফি, নবায়ন ব্যয় এবং বিভিন্ন প্রশাসনিক খরচ পাম্প মালিকদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

সংগঠনটির ভাষ্য, জ্বালানি তেল বিক্রিতে ন্যায্য কমিশন না থাকলে ব্যবসা টিকিয়ে রাখা, কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়া এবং ব্যাংকের ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। এতে জ্বালানি সরবরাহব্যবস্থায়ও অনিয়ম ও কারসাজির ঝুঁকি বাড়তে পারে।

চিঠিতে জ্বালানি খাতে স্বচ্ছতা, ভোক্তার অধিকার এবং নিরাপদ সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে পাম্প মালিকদের জন্য বাস্তবসম্মত ও ন্যায্য কমিশন নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে বিপিসি ও জ্বালানি বিভাগের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

সবশেষে বর্তমান বাজার পরিস্থিতি, ২০২৬ সালের বর্ধিত মজুরি কাঠামো, ব্যাংকঋণের সুদ, ১০টি লাইসেন্সের খরচ এবং দৈনিক ২ হাজার থেকে ৪ হাজার লিটার বিক্রির বাস্তবতা বিবেচনায় নিয়ে জ্বালানি তেল বিক্রির কমিশন ৯ শতাংশে পুনর্নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

এমআর/এএম