Dhaka Mail Logo

অর্থনীতি

বাণিজ্য ঘাটতি কমাতে দেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

বাণিজ্য ঘাটতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশে কারখানা স্থাপন ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে এবং ১৮.৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রে গেলেও চীনে রফতানির পরিমাণ মাত্র ১.৭১ শতাংশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে শুধু পণ্য আমদানি-রফতানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সীমাবদ্ধ না রেখে যৌথ বিনিয়োগ, সংস্কৃতি, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে হবে।

চীনা উদ্যোক্তারা বাংলাদেশে কারখানা স্থাপন করে এ দেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজারসুবিধা কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রফতানি করতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি প্রসঙ্গে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ককে এখন বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

বন্দর ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাবে রূপান্তর করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মত আরও একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন তিনি। 

এছাড়া চাঁদপুরকে সম্ভাবনাময় বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মারস্কের আদলে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে একটি শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

S

আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মন্তব্য করেন ইসমাইল জবিউল্লাহ। 

তিনি বলেন, এ করিডোর বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সমুদ্রপথে কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপন করা গেলে একটি কার্যকর আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা সম্ভব। তবে এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ তার জাতীয় স্বার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। 

তিনি আরও বলেন, এই করিডোরকে কেবল অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসেবে না দেখে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও কার্যকর সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। তবে এ উদ্যোগ এগিয়ে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে। করিডোরটির সম্ভাবনা ও সুযোগ নিয়ে গবেষণা এবং নীতিগত সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর উন্নয়নে বাস্তবসম্মত পথ নির্ধারণে তথ্য প্রমাণভিত্তিক মূল্যায়ন, সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়া সম্ভব। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই এবং এসআইআইএস-ডিইউ সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, সাবেক কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

এসএইচ/এএইচ