নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
বাংলাদেশের বস্ত্রশিল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। স্থানীয় ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি।
কারখানাটিতে সমন্বিত সুতা উৎপাদন ইউনিটও থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।
প্রস্তাবিত কারখানাটি রফতানিমুখী হবে। এর মাসিক উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড়। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গ্রাহকদের সেবা দিয়ে আসছে তারা। তুরস্কের প্রথম মন্ত্রণালয় অনুমোদিত বস্ত্র গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
১৯০৪ সাল থেকে বস্ত্রশিল্পে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে পারিবারিক মালিকানাধীন সানকো হোল্ডিং। বর্তমানে বস্ত্রের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতেও প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে।
সানকোর প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।
অন্যদিকে স্থানীয় যৌথ উদ্যোগ অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের নিয়ন্ত্রকবিষয়ক প্রধান জুয়েল জব্বার। ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য নাহিয়ান রহমান রচিও বৈঠকে উপস্থিত ছিলেন।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং তাদের ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অংশ। ধারাবাহিক যোগাযোগ, নিয়মিত তদারকি এবং বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি পর্যন্ত প্রকল্পটি এগিয়ে নিতে ভূমিকা রেখেছে সংস্থাটি।
সংশ্লিষ্টদের আশা, এ বিনিয়োগের মাধ্যমে দেশের বস্ত্রশিল্পের পশ্চাৎ-সংযোগ শিল্প আরও শক্তিশালী হবে। বিশেষ করে সুতা উৎপাদন থেকে ডেনিম কাপড় তৈরি পর্যন্ত সমন্বিত উৎপাদনব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়ার পাশাপাশি রফতানি আয়েও ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্প বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
এমআর/এএইচ