Dhaka Mail Logo

অর্থনীতি

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনতে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের কথা উল্লেখ করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি ও নথিপত্রগুলো শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে দক্ষ জনশক্তির অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শিক্ষাক্ষেত্রে বৃত্তি ও একাডেমিক বিনিময়ের বিষয়ও আলোচনায় আসে।

এ সময় ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে রাশিয়া আগ্রহী।

এআর