Dhaka Mail Logo

অর্থনীতি

গোপালগঞ্জে নাশকতা, ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এর অংশ হিসেবে জেলার ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। সব মিলিয়ে এনবিআরের নজরদারিতে রয়েছেন ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদধারী নেতা, জনপ্রতিনিধি এবং সাবেক একজন স্বাস্থ্য সচিব রয়েছেন।

প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জের পাঁচটি উপজেলার বাসিন্দারা এ তালিকায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার। এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার ১৭, টুঙ্গিপাড়ার ১৫, মুকসুদপুরের ১৪ এবং কাশিয়ানী উপজেলার ১৯ জন রয়েছেন।

তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব সেরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া ও ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাসের নাম রয়েছে।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোকতার হোসেন। এ ছাড়া মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রিফাতুল আলমের নামও রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ থেকে ১৯ নভেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, পুলিশ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর মধ্যে গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে।

এসব নাশকতা ও সহিংসতার ঘটনায় অর্থের জোগান এবং সংশ্লিষ্টদের আর্থিক কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে এনবিআর ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলবের এ উদ্যোগ নিয়েছে।

টিএই/এআরএম