নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
দেশের করপোরেট অঙ্গনের ২৩ জন শীর্ষস্থানীয় নির্বাহীকে সম্মাননা দেওয়ার মাধ্যমে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই আয়োজন করে। এবার ২২টি বিভাগে সম্মাননা দেওয়া হয়, যেখানে দেশের শীর্ষ নির্বাহী, পরিচালনা পর্ষদের সদস্য, উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।
অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং নেতৃত্বের মানই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। যাদের সম্মাননা দেওয়া হচ্ছে, তারা দেখিয়েছেন যে নতুন করে ভাবার সাহস ও কাজ বাস্তবায়নের শৃঙ্খলা ছাড়া দূরদৃষ্টি অর্থবহ হয় না।
এ বছর সম্মাননাটির জন্য ৯৭টি মনোনয়ন জমা পড়ে। স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের বাছাই করে একটি বিশেষায়িত পর্ষদ, যেখানে করপোরেট নেতৃত্ব, ব্যবসায় শিক্ষা, কৌশলগত পরামর্শ ও অর্থনৈতিক নীতি বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা যুক্ত ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এই সম্মাননা দেশের করপোরেট উৎকর্ষ স্বীকৃতির অন্যতম নির্ভরযোগ্য মঞ্চে পরিণত হয়েছে।
দিনের শুরুতে একই স্থানে অনুষ্ঠিত হয় দশম নেতৃত্ব সম্মেলন। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশের বর্তমান সন্ধিক্ষণে নতুন করে ভাবা, নতুনভাবে সাজানো এবং বাস্তবায়ন করা। দিনব্যাপী সম্মেলনে চারটি মূল প্রবন্ধ অধিবেশন, একটি বিশেষ আলাপচারিতা, একটি ঘটনা বিশ্লেষণ, তিনটি প্যানেল আলোচনা এবং একটি অংশগ্রহণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ অধিবেশনে ইউএনডিপি বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা ওয়াইস প্যারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আগামী প্রবৃদ্ধির পথ নিয়ে কথা বলেন। জিও ইনস্টিটিউটের উপাচার্য অধ্যাপক দীপক সি জৈন দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। ট্রু করপোরেশনের প্রধান নির্বাহী সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে আলোচনা করেন এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান সঞ্জীব মেহতা বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ারের বিশেষ আলাপচারিতা। সেখানে তারা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা বিনিময় করেন। এ ছাড়া প্যানেল আলোচনায় ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, প্রতিষ্ঠান ঘুরিয়ে দাঁড় করানোর কঠিন সিদ্ধান্ত এবং দক্ষ দল গঠনের উপায় নিয়ে মতবিনিময় হয়।
আয়োজকেরা জানান, বাংলাদেশের আগামী অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে পারে। দশম নেতৃত্ব সম্মেলন ও পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬ আয়োজনে সহযোগী হিসেবে ছিল বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, রয়্যাল এনফিল্ড, গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স, টার্কিশ এয়ারলাইনস, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, লা মেরিডিয়েন ঢাকা, ব্যাকপেজ পিআর, বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং লিডারশিপ একাডেমি।
এজেড