Dhaka Mail Logo

অর্থনীতি

জ্বালানি সংকটে ৪ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহের অস্থিরতার কারণে বাংলাদেশকে জ্বালানি খাতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, নতুন গ্যাসকূপ খনন এবং আমদানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক’-এর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। জ্বালানি খাতেই ইতিমধ্যে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে, যা সরকারের আর্থিক চাপ আরও বাড়িয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ঘাটতি শিল্পকারখানার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা তুলে ধরে জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, সরকার এ খাতে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ, এটি জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা বাড়াতে পারে। সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে আগামী এক বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের জন্য কাজ চলছে। এ বিষয়ে সংসদে বিশেষ আইন পাস হয়েছে এবং এর আওতায় বিভিন্ন স্থানে কাজ শুরু হয়েছে। ব্যাটারি সংরক্ষণব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরে ৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে পাঁচটি কূপ খননের অনুমোদন পাওয়া গেছে। বাকি প্রকল্পগুলোর উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে অধিকাংশ প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সক্ষমতা বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, নতুন রিগ কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে একটি রিগ কিনতে প্রায় তিন বছর সময় লাগে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে গভীর গ্যাস অনুসন্ধানের পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদন অংশীদারত্ব চুক্তির খসড়া তৈরি হয়েছে। এ ছাড়া দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়াতে আরও তিনটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে এ ধরনের দুটি ইউনিট রয়েছে।

image

তিনি বলেন, ভোলা থেকে উৎপাদিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পাইপলাইন নির্মাণের প্রকল্প তৈরি করা হচ্ছে। খুলনা থেকে বরিশাল এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়টি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এ বছর এসব প্রকল্প অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

৯ প্রতিষ্ঠানে অটোমেশন

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা এবং সরকারি সেবা পেতে হয়রানি কমাতে নয়টি প্রতিষ্ঠানে অটোমেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং সহজে সরকারি সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় ব্যবসায়িক লাইসেন্স ও বিভিন্ন অনুমোদন নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ হলে তা পর্যালোচনায় টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে শুধু সময়সীমা নির্ধারণ করে দিলেই সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান এবং কার্যক্রমের সমন্বয় প্রয়োজন। নয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সরকারি ক্রয়সংক্রান্ত কর্তৃপক্ষ, হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষকের কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরি করা হবে। প্রকল্পগুলোর সংশোধিত কারিগরি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হতে পারে। প্রায় ১৮ মাসের মধ্যে অটোমেশন কার্যক্রম শেষ করার চেষ্টা রয়েছে।

তিনি বলেন, অতীতে অটোমেশনের নামে বড় অঙ্কের বিনিয়োগ হলেও অনেক ক্ষেত্রে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এবার দেশের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করতে বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে। প্রতিটি খাতের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

ব্যবসায়ীদের জন্য ঘোষিত আর্থিক প্যাকেজ ও ব্যাংকিং সুবিধার কার্যকারিতা নিয়েও সরকার পর্যালোচনা করতে চায় বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যাংকগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত রেখে পেশাদারত্বের ভিত্তিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প ও বেসরকারি খাতকে সহায়তা দিতে বিভিন্ন প্রণোদনা ও আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে এসব উদ্যোগ থেকে ব্যবসায়ীরা বাস্তবে কতটা সুবিধা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, শুধু নীতি ঘোষণা বা প্যাকেজ চালু করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। বাস্তবে ব্যবসায়ীরা কী ধরনের সমস্যায় পড়ছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো তাঁদের কীভাবে সহায়তা করছে এবং ঘোষিত সুবিধা পেতে কোথায় বাধার মুখে পড়তে হচ্ছে, তা জানতে হবে। এ জন্য বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে।

সরকার, ব্যবসা ও একাডেমিয়ার সমন্বয়

নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সরকার, ব্যবসায়ী এবং শিক্ষাবিদদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার একা সবকিছু জানে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একইভাবে বেসরকারি খাত ও শিক্ষাবিদদেরও শুধু দূর থেকে সমালোচনা না করে নীতিনির্ধারণে যুক্ত হতে হবে।

বিআইডিএস ও বিসিআইয়ের যৌথ উদ্যোগে শিল্পকারখানার পরিস্থিতি মূল্যায়নের এই সূচক চালু হওয়া সরকার, ব্যবসা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ের একটি উদাহরণ। এর সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে যুক্ত করা গেলে নমুনার আকার বাড়ানো এবং নিয়মিত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জরিপে ২০২৫ সালের তুলনায় কয়েকটি সূচকে অবনতি দেখা গেছে। তবে উদ্যোক্তারা আগামী সময়ে পরিস্থিতির উন্নতির আশা করছেন। তাঁদের এই প্রত্যাশা বাস্তবায়নে বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণের পরিবেশ তৈরি করা জরুরি। সরকার বিনিয়োগনির্ভর ও কর্মসংস্থানমুখী উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে চায়। এ জন্য ব্যাংকিং খাতের শৃঙ্খলা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ব্যবসায়িক হয়রানি কমানোর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক।

এএইচ/এআর