আব্দুল হাকিম
২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
ক্যানসার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা আটটি বিভাগীয় শহরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নে কাটছে না দীর্ঘসূত্রতা। একদিকে বাড়ছে প্রকল্পের ব্যয়, অন্যদিকে বারবার বাড়ছে মেয়াদ। ২ হাজার ৩৮৮ কোটি টাকার প্রকল্পটি দুই দফা সংশোধনের পর বাস্তবায়ন করতে ব্যয় দাঁড়াবে ৪ হাজার ৫৩২ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় বাড়ছে ২ হাজার ১৪৩ কোটি ৮৩ লাখ টাকা, যা প্রায় ৯০ শতাংশ। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে তিন বছরের প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে নয় বছর। অথচ ভবন নির্মাণের বাস্তব অগ্রগতি ৭২ শতাংশ ছাড়ালেও চিকিৎসা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এখনো কোনো আর্থিক অগ্রগতি নেই। ফলে অবকাঠামো নির্মাণ এগোলেও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পেতে রোগীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
প্রকল্পের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। প্রথমে ব্যয় না বাড়িয়ে এক বছর মেয়াদ বাড়ানো হয়। পরে প্রথম সংশোধনীর মাধ্যমে ব্যয়সহ আরও দুই বছর এবং সর্বশেষ ব্যয় না বাড়িয়ে এক বছর মেয়াদ বাড়ানো হয়। এবার আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে তিন বছরের প্রকল্প বাস্তবায়নে সময় লাগতে যাচ্ছে মোট নয় বছর।
প্রকল্পের ব্যয় বৃদ্ধির চিত্রও উল্লেখযোগ্য। মূল অনুমোদনের সময় ব্যয় নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা। প্রথম সংশোধনীতে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৩৩ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা। এবার দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ৪ হাজার ৫৩২ কোটি ২৩ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ৮৯ দশমিক ৭৮ শতাংশ। আর প্রথম সংশোধিত ব্যয়ের তুলনায় বাড়ছে প্রায় ৩২ শতাংশ।
আরও পড়ুন: বুধবার একনেকে উঠছে ১২ প্রকল্প
প্রকল্পের অগ্রগতির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তব অগ্রগতি ৭২ দশমিক ১২৫ শতাংশ হলেও আর্থিক অগ্রগতি মাত্র ৩০ দশমিক ৯৫ শতাংশ। এ সময় পর্যন্ত ব্যয় হয়েছে ১ হাজার ৬২ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ প্রথম সংশোধিত ব্যয়ের হিসাবে প্রকল্পের প্রায় ৬৯ শতাংশ অর্থ তখনো অব্যয়িত রয়েছে।
এখানে নির্মাণকাজের অগ্রগতির সঙ্গে চিকিৎসাসেবা চালুর প্রস্তুতির পার্থক্যও গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণের বাস্তব অগ্রগতি ৭২ শতাংশ ছাড়ালেও চিকিৎসা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ২০২৬ সালের জুন পর্যন্ত কোনো আর্থিক অগ্রগতি দেখানো হয়নি। অথচ দ্বিতীয় সংশোধনীতে এ খাতে ২ হাজার ৩২৬ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। অর্থাৎ হাসপাতালের অবকাঠামো নির্মাণ এগোলেও চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রধান সরঞ্জাম কেনার কাজ এখনো বাকি।
এ ছাড়া প্রকল্পের আওতায় আসবাবপত্র কেনা, কম্পিউটার সরঞ্জাম সংগ্রহ এবং জনবল নিয়োগের কাজও শেষ করতে হবে। চিকিৎসা যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনা এবং স্থাপনের জন্য ২০২৮ সালের জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে। ফলে ভবন নির্মাণ শেষ হলেই রোগীরা চিকিৎসাসেবা পাবেন, এমন নিশ্চয়তা প্রকল্পের সময়সূচিতে নেই।
যন্ত্রপাতি কেনায় বাড়তি ৯৩৫ কোটি টাকা
দ্বিতীয় সংশোধনীতে সবচেয়ে বেশি ব্যয় বাড়ছে চিকিৎসা যন্ত্রপাতি কেনার খাতে। প্রথম সংশোধনীতে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৩৯০ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ২ হাজার ৩২৬ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এক খাতেই ব্যয় বাড়ছে ৯৩৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা।
মূল প্রকল্পে ১৫০ শয্যার পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে কিডনি ও হৃদরোগের চিকিৎসাসেবা যুক্ত করে প্রতিটি কেন্দ্রের শয্যাসংখ্যা ৪৫০টিতে উন্নীত করা হয়। এতে চিকিৎসা যন্ত্রপাতির প্রয়োজনীয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রকল্পের ব্যয়ও।
নতুন প্রস্তাবে মডুলার অপারেশন থিয়েটার ও কেন্দ্রীয় জীবাণুমুক্তকরণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন থিয়েটারের পরিবর্তে ইউরোলজি অপারেশন থিয়েটার রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রাপ্তবয়স্কদের হৃদরোগের অস্ত্রোপচারের জন্য হার্ট-লাং মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় প্রায় ২৯টি প্যাকেজে চিকিৎসা যন্ত্রপাতি কেনা হবে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে অপারেশন থিয়েটারের লাইট ও টেবিল, আইসিইউ বেড, ভেন্টিলেটর, অ্যানেসথেসিয়া সরঞ্জাম এবং কেন্দ্রীয় জীবাণুমুক্তকরণ ব্যবস্থা। প্রকল্পের নথিতে বলা হয়েছে, উন্নত প্রযুক্তিনির্ভর এসব যন্ত্রপাতি বিদেশি প্রস্তুতকারকদের কাছ থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনার পরিকল্পনা রয়েছে। এ জন্য চিকিৎসা যন্ত্রপাতি ও কম্পিউটার সরঞ্জাম কেনায় মোট ১ হাজার ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা বৈদেশিক মুদ্রার সংস্থান রাখার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
চিকিৎসা যন্ত্রপাতির পাশাপাশি কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। প্রথম সংশোধনীতে এ খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা। দ্বিতীয় সংশোধনীতে তা বাড়িয়ে ২৩ কোটি ২০ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ২০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে আসবাবপত্র কেনার ব্যয় ৬৭ কোটি ৩০ লাখ ৯৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৭ কোটি ৯৬ লাখ ২১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া এমএসআর ও রিএজেন্ট খাতে বরাদ্দ ২৮ কোটি ৭৮ লাখ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ কোটি টাকা করা হচ্ছে। প্রকল্পের আটটি হাসপাতাল চালুর পর এক বছরের জন্য এসব সামগ্রী সরবরাহের ব্যয় হিসাব করেই নতুন বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
মোটরযান কেনার ব্যয়ও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনায় আটটি যানবাহন কেনার জন্য বরাদ্দ ছিল ৪ কোটি ৩২ লাখ টাকা। সংশোধিত প্রস্তাবে যানবাহনের সংখ্যা বাড়িয়ে ১২টি করার কথা বলা হয়েছে। এতে অতিরিক্ত চারটি যানবাহন কেনার জন্য ব্যয় বাড়ছে ৭২ লাখ টাকা। ফলে এ খাতে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ৫ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ যানবাহন কেনার সংখ্যা ৫০ শতাংশ বাড়লেও বরাদ্দ বাড়ছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। প্রস্তাবিত ১২টি যানবাহনের মধ্যে রয়েছে আটটি অ্যাম্বুলেন্স ও চারটি বাগি কার।
প্রকল্পের পূর্ত ও নির্মাণ খাতেও ব্যয় বাড়ছে। প্রথম সংশোধনীতে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৮৭৬ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা। দ্বিতীয় সংশোধনীতে তা বাড়িয়ে ২ হাজার ১৪ কোটি ৭৮ লাখ ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এ খাতে অতিরিক্ত ১৩৮ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা প্রয়োজন হবে।
প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, মূল্য সংযোজন কর বৃদ্ধি এবং গণপূর্ত অধিদপ্তরের নতুন দরতফসিলের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবনের ফিনিশিংয়ের কাজে অ্যালুমিনিয়াম লুভার, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, কার্টেন ওয়াল ও বিশেষ ধরনের কাচসহ নতুন কিছু উপকরণ যুক্ত হয়েছে। রান্নাঘর ও ম্যানিফোল্ড রুমের কাজও নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আটটি কেন্দ্রের মধ্যে ময়মনসিংহ ছাড়া অন্য সাতটির নির্মাণকাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ শেষ করার সময় ধরা হয়েছে ২০২৭ সালের ডিসেম্বর। এরপর জনবল নিয়োগ এবং চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।
প্রকল্প বাস্তবায়নে বিলম্বের পেছনে কোভিড-১৯ মহামারির প্রভাব এবং হাসপাতাল নির্মাণের স্থান নির্বাচনসংক্রান্ত জটিলতাও রয়েছে। এসব কারণে নির্ধারিত সময়ে নির্মাণকাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এর সঙ্গে ময়মনসিংহের নির্মাণকাজে বিলম্ব এবং চিকিৎসা সরঞ্জাম কেনার প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
দ্বিতীয় সংশোধনী অনুমোদনের পর কিডনি ও হৃদরোগের চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র আহ্বান করা হবে। প্রায় ২৯টি প্যাকেজে এসব সরঞ্জাম কেনার কাজ ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
এক অর্থবছরেই ব্যয়ের প্রস্তাব প্রায় ২৮৫০ কোটি টাকা
প্রকল্পের বছরভিত্তিক ব্যয় বিভাজনেও বড় ধরনের চাপ দেখা যাচ্ছে। দ্বিতীয় সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৫০ কোটি ২২ লাখ ৪৯ হাজার টাকা। মোট প্রস্তাবিত প্রকল্প ব্যয়ের প্রায় ৬২ দশমিক ৯ শতাংশ অর্থই ব্যয় করতে হবে এক অর্থবছরে। পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৭-২৮ সালে ব্যয় ধরা হয়েছে ৬১৯ কোটি ৪৪ লাখ ৪২ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ২ কোটি ৯৩ লাখ ৪ হাজার টাকা এবং মূলধন খাতে ১ হাজার ১৮৫ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু বছরভিত্তিক ব্যয় বিভাজনে ওই অর্থবছরের জন্য প্রস্তাবিত ব্যয় এডিপি বরাদ্দের চেয়ে ১ হাজার ৬৬১ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকা বেশি। অর্থাৎ প্রস্তাবিত ব্যয় পরিকল্পনা ও চলতি এডিপি বরাদ্দের মধ্যে রয়েছে বড় ব্যবধান।
এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হলে পরবর্তী সময়ে বরাদ্দ ও ব্যয়ের গতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম কেনা, সেগুলো স্থাপন এবং জনবল নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজ একই সময়সীমার মধ্যে শেষ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
প্রকল্পের আওতায় আটটি বিভাগীয় শহরে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী বিভাগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর বিভাগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিভাগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল বিভাগে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট বিভাগে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে এসব কেন্দ্র নির্মাণ করা হবে।
এএইচ/এআর