Dhaka Mail Logo

অর্থনীতি

রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

পদ্মা ব্যাংক পিএলসিকে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় রেজল্যুশনের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির দীর্ঘদিনের পুঞ্জীভূত আর্থিক দুর্বলতা ও কাঙ্ক্ষিত পুনরুদ্ধার না হওয়ায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে।

এতে আরও বলা হয়, গত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট ও সুশাসনের ঘাটতিসহ বিভিন্ন কারণে পদ্মা ব্যাংকের আর্থিক দুর্বলতা পুঞ্জীভূত হয়েছে। ফলে ব্যাংকটি গভীর চ্যালেঞ্জের মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া সত্ত্বেও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার হয়নি।

এ পরিস্থিতিতে ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকরভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা সুদৃঢ় করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তবে এ প্রক্রিয়ায় আপাতত ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর। পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি এ সংস্কারমূলক পদক্ষেপ দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ১৭ নভেম্বর পদ্মা ব্যাংককে রেজল্যুশন আইনের আওতায় নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওইদিন কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

টিএই/এএইচ