Dhaka Mail Logo

অর্থনীতি

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি 

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

খেজুর, কমলা ও আপেল আমদানি সহজ এবং দেশের বাজারে এসব ফলের সরবরাহ নিশ্চিত করতে আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে সরকার।

গত ২৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। পরে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো খেজুর আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এই সুবিধার আওতায় এইচএস কোড ০৮০৪.১০.১১, ০৮০৪.১০.১৯, ০৮০৪.১০.২১ ও ০৮০৪.১০.২৯-এর অন্তর্ভুক্ত চার ধরনের খেজুর আমদানি করা যাবে। এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেটে মোড়কজাত বা কৌটাজাত তাজা ও শুকনো খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর রয়েছে।

এছাড়া কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক ও অগ্রিম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে কমলার ক্ষেত্রে এইচএস কোড ০৮০৫.১০.৯০ এবং আপেলের ক্ষেত্রে ০৮০৮.১০.৯০ উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে ৫ শতাংশের বেশি শুল্ক, ৫ শতাংশের বেশি নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং ২০ শতাংশের বেশি সম্পূরক শুল্কসহ নির্ধারিত সীমার অতিরিক্ত শুল্ক ও করের ক্ষেত্রে এ অব্যাহতি কার্যকর হবে।

এএইচ