Dhaka Mail Logo

অর্থনীতি

৪৮ বছর পর অবলুপ্ত ব্যাংকের জমি বুঝে পেলেন ৬ ক্রেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

দীর্ঘ ৪৮ বছর পর অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের জমির মালিকানা বুঝে পেয়েছেন ছয় ক্রেতা। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নিলামে কেনা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজার ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের (অবলুপ্ত) ওই মৌজায় মোট ৪১ শতাংশ জমি গত ৬ জানুয়ারি নিলামে বিক্রি করা হয়। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতারা জমি কেনেন। সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ নিলাম কার্যক্রম পরিচালনা করেন।

তবে নিলামের পর একজন অবৈধ দখলকারী বিক্রি হওয়া জমির ৬ দশমিক ৫০ শতাংশের ওপর মামলা করেন। ফলে বাকি ৩৪ দশমিক ৫০ শতাংশ জমির রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য হাইকোর্টের অনুমোদন চায় বাংলাদেশ ব্যাংক।

এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ২০২৬ সালের ৭ সেপ্টেম্বরের আদেশে (২২ সেপ্টেম্বর সার্টিফায়েড কপি ইস্যু) নিলামে বিক্রি হওয়া জমির রেজিস্ট্রেশন সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়। আদালতের ওই নির্দেশনা বাস্তবায়নে সোমবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে কমিশনের মাধ্যমে ছয় ক্রেতার নামে জমির রেজিস্ট্রেশন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। সাতকানিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার জমির রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।

অনুষ্ঠানে আমজাদ হোসেন খান মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের অবসায়ন কার্যক্রমের অংশ হিসেবে নিলামের মাধ্যমে জমি বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্ট বিভাগের এক আদেশে বাংলাদেশ ব্যাংককে ১৭টি অবলুপ্ত ব্যাংকের জন্য সরকার নিয়োজিত অবসায়ক হিসেবে নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্টের নির্দেশনার ৭ নম্বর ধারায় জমি বিক্রি ও তহবিল ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অবসায়ককে।

টিএই/এফএ