নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
তৈরি পোশাকশিল্পের জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো কাঠামোগত সমস্যার দায় শ্রমিকদের ওপর চাপানো ঠিক নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এসব সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের মজুরি কম রাখার পরিবর্তে আলাদাভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা জানিয়েছে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের স্বাক্ষরিত ওই চিঠিতে তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নিয়ে গত ১৮ নভেম্বর সিপিডির এক মিডিয়া ব্রিফিংয়ে উপস্থাপিত বিশ্লেষণের বিষয়ে বিজিএমইএর উত্থাপিত পর্যবেক্ষণের জবাব দেওয়া হয়।
চিঠিতে সিপিডি জানিয়েছে, ন্যূনতম মজুরি হালনাগাদ ও সঠিক তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা প্রয়োজন। এ জন্য শ্রমিক ও কারখানা উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরে জরিপ পরিচালনা করা জরুরি। মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথা বলেছে সংস্থাটি।
বিজিএমইএর পর্যবেক্ষণের জবাবে সিপিডি বলেছে, পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনকারী সদস্যের হিসাব নির্ধারণে বিভিন্ন প্রকাশিত গবেষণার মধ্যমান ব্যবহার করা হয়েছে। পর্যালোচনায় পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারী সদস্য ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন গবেষণার সময়, এলাকা ও পদ্ধতিগত পার্থক্যের কারণে প্রাপ্ত তথ্যের মধ্যে তারতম্য থাকায় মধ্যমান ব্যবহারকে যুক্তিসংগত মনে করেছে সংস্থাটি।
সিপিডির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী, শহরাঞ্চলে পরিবারের গড় সদস্যসংখ্যা ৪ দশমিক ১৮ জন। জাতীয় পর্যায়ে এ সংখ্যা ৪ দশমিক ২৬ জন। অন্যদিকে, সিপিডির ব্যবহৃত চারজনের হিসাব শহরাঞ্চলের গড়ের চেয়েও কম। ফলে পরিবারের সদস্যসংখ্যা বেশি ধরে মজুরির হিসাব বাড়ানো হয়েছে, এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছে সংস্থাটি।
পরিবারের সদস্যসংখ্যার ক্ষেত্রে বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য ব্যবহারের প্রস্তাব নিয়েও ব্যাখ্যা দিয়েছে সিপিডি। সংস্থাটির হিসাবে, ওই জরিপ অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৯৬ জন ধরলে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে। অর্থাৎ দুই হিসাবের মধ্যে পার্থক্য মাত্র ১৮৬ টাকা।
উপার্জনকারী সদস্যসংখ্যার ক্ষেত্রেও মধ্যমান ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। সিপিডির পর্যালোচনায় বিভিন্ন গবেষণায় প্রতি পরিবারে উপার্জনকারী সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জনের মধ্যে পাওয়া গেছে। এসব গবেষণার সরল গড় প্রায় ১ দশমিক ৬৭ জন হলেও মধ্যমান ১ দশমিক ৫৮ জন। অন্যদিকে, বিবিএসের জরিপ অনুযায়ী শহরাঞ্চলের পরিবারে গড়ে ১ দশমিক ৩৭ জন উপার্জনকারী সদস্য রয়েছেন। এই সংখ্যা ব্যবহার করলে একজন উপার্জনকারীর প্রয়োজনীয় মজুরির হিসাব আরও বাড়ত বলে চিঠিতে উল্লেখ করেছে সিপিডি।
দারিদ্র্যসীমা নির্ধারণে ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ব্যবহারের পক্ষেও যুক্তি তুলে ধরেছে সংস্থাটি। সিপিডির মতে, তৈরি পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিক শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাদের বড় একটি অংশকে বাসাভাড়া দিতে হয় এবং খাদ্যসহ দৈনন্দিন প্রয়োজনের অধিকাংশ পণ্য বাজার থেকে কিনতে হয়। এ কারণে তাদের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহার যুক্তিসংগত।
চিঠিতে আরও বলা হয়েছে, খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এ ব্যবহৃত ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের জন্য নির্ধারিত নয়। গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের শহর হিসেবে শ্রেণিবদ্ধ শিল্পাঞ্চলের ক্ষেত্রেও এটি প্রাসঙ্গিক। তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে দারিদ্র্যসীমার ভারিত গড় ব্যবহার আরও যথাযথ হতে পারে। এ জন্য প্রতিটি এলাকার শ্রমিকসংখ্যা অনুযায়ী গুরুত্ব নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে সিপিডি।
খাদ্যবহির্ভূত ব্যয় ও বাসাভাড়া দুবার গণনার অভিযোগের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। বিজিএমইএর পর্যবেক্ষণে বলা হয়েছিল, খানা আয় ও ব্যয় জরিপের খাদ্যবহির্ভূত ব্যয়ের অনুপাত ব্যবহারের পাশাপাশি আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করলে একই ব্যয় দুবার গণনার আশঙ্কা থাকে। জবাবে সিপিডি জানিয়েছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয় থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দিয়ে অপরিহার্য ব্যয়ের হিসাব করা হয়েছে। ফলে আবাসন ব্যয় দুবার গণনা করা হয়নি।
বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করার বিষয়টিও ব্যাখ্যা করেছে সিপিডি। চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৯ শতাংশ করা হয়েছে। এর ফলে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়। বর্তমান মজুরিকাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারী একজন শ্রমিকের মোট ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বিদ্যমান শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকের ক্ষেত্রে নির্ধারিত ন্যূনতম মজুরির হার পরিবর্তিত হয়নি।
সিপিডি জানিয়েছে, তাদের পর্যালোচনায় মূলত সর্বনিম্ন বা এন্ট্রি গ্রেডের মজুরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এর অর্থ অন্য গ্রেডের মজুরি গুরুত্বহীন নয়। দক্ষতা, কাজের দায়িত্ব, অভিজ্ঞতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে যৌক্তিক গ্রেডভিত্তিক মজুরিকাঠামো থাকা প্রয়োজন। বিভিন্ন গ্রেডের দক্ষতা ও উৎপাদনশীলতার পর্যাপ্ত তথ্য ছাড়া আলাদা মজুরির অঙ্ক প্রস্তাব করা অনুমাননির্ভর হবে বলে মনে করে সংস্থাটি।
চিঠিতে সিপিডি বলেছে, শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদহার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ তাদের উপস্থাপনায় বিবেচনা করা হয়েছে। এ কারণে নির্দিষ্ট কোনো মজুরির অঙ্ক চূড়ান্তভাবে প্রস্তাব না করে একটি আনুমানিক পরিসর তুলে ধরা হয়েছে। মৌলিক চাহিদাভিত্তিক মজুরি নির্ধারণে নিচের সীমা এবং মজুরি দেওয়ার সক্ষমতা নির্ধারণে ওপরের সীমা বিবেচনার কথা বলা হয়েছে। তবে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য ছাড়া সক্ষমতা নিরূপণ কঠিন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
সিপিডি বলছে, তারা মজুরি বৃদ্ধির পক্ষে। তবে ভাঙচুর, সহিংসতা ও অস্থিরতাকে কোনোভাবেই সমর্থন করে না। এসব ঘটনায় শ্রমিক ও শিল্প উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় দেশও। মজুরি বোর্ড শ্রমিকদের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতেও বিজিএমইএ, শ্রমিক সংগঠন ও অন্যান্য অংশীজনের সঙ্গে তথ্য ও বিশ্লেষণভিত্তিক সংলাপ অব্যাহত রাখতে তারা আগ্রহী বলে জানিয়েছে সংস্থাটি।
এএইচ/এএইচ