Dhaka Mail Logo

অর্থনীতি

এসএমই খাতে অবদানের স্বীকৃতি, ৮ জনকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে অবদান রাখা আট উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি পৃথক ক্যাটাগরিতে নির্বাচিত উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পুরস্কারের ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ভিডিওচিত্রে দেখানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সাত দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে অংশ নিয়েছেন ৩৮০ জন উদ্যোক্তা।

এমআর