মহিউদ্দিন রাব্বানি
২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
ব্যাংক খাতের আর্থিক পরিস্থিতিতে গভীর সংকটের চিত্র উঠে এসেছে চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবে। ঋণের চাহিদা কমে যাওয়া এবং খেলাপি ঋণের বোঝায় ব্যাংকগুলোর মূল ব্যবসা দুর্বল হয়ে পড়েছে। গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্মিলিত নিট সুদ আয় নেতিবাচক হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি ব্যাংকের মধ্যে ২০টি মুনাফা করলেও বাকি সাতটির সম্মিলিত লোকসানের পরিমাণ তাদের মোট মুনাফার চেয়ে বেশি। এতে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্ত ২৭টি ব্যাংক ঋণ বিতরণ থেকে যে পরিমাণ সুদ আয় করেছে, আমানতের বিপরীতে তার চেয়ে ৫ হাজার ৬২৪ কোটি টাকা বেশি সুদ পরিশোধ করেছে। অথচ গত বছরের একই সময়ে ঋণ থেকে সুদ আয় আমানতের বিপরীতে দেওয়া সুদের চেয়ে ৩ হাজার ১৬ কোটি টাকা বেশি ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর নিট সুদ আয়ে বড় ধরনের অবনতি হয়েছে।
ব্যাংকের মূল ব্যবসা ঋণ বিতরণ। কিন্তু বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়া এবং বিপুল খেলাপি ঋণের কারণে এ খাত থেকে আয় কমছে। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকগুলো সরকারি বন্ড ও সিকিউরিটিজে বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে ঋণনির্ভর আয়ের পরিবর্তে বিনিয়োগ থেকে পাওয়া আয়ের ওপর নির্ভরতা বাড়ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব বলেন, ব্যাংক খাতের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি ভয়াবহ। নিট সুদ আয় নেতিবাচক হয়ে পড়ায় ব্যাংকগুলো ব্যাপকভাবে সরকারি বন্ডের ওপর নির্ভর করছে।
তালিকাভুক্ত ২৭টি ব্যাংকের মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে ২০টির নিট সুদ আয় কমেছে। নেতিবাচক নিট সুদ আয়ের ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে, যা গত বছরের একই সময়ে ছিল ছয়টি। বিপরীতে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর সম্মিলিত আয় ২১ শতাংশ বেড়ে ৩২ হাজার ৬২২ কোটি টাকায় পৌঁছেছে।
মুনাফার চেয়ে লোকসানের অঙ্ক বড়
ব্যাংকগুলোর মুনাফা-লোকসানের হিসাবেও বৈষম্যের চিত্র উঠে এসেছে। প্রথম নয় মাসে ২০টি ব্যাংক সম্মিলিতভাবে ৯ হাজার ৬০০ কোটি টাকা মুনাফা করেছে। অন্যদিকে লোকসানে থাকা সাতটি ব্যাংকের সম্মিলিত লোকসান দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪০ কোটি টাকা। অর্থাৎ ২০টি ব্যাংকের অর্জিত মুনাফার চেয়ে সাতটি ব্যাংকের লোকসান ৩ হাজার ৭৪০ কোটি টাকা বেশি।
সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। অন্যদিকে সবচেয়ে বেশি লোকসানের তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও রূপালী ব্যাংক।
ব্যাংকারদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত ধীরগতির হওয়ায় এবং কিছু ব্যাংকের বিপুল পরিমাণ অনাদায়ী ঋণ থাকায় সম্মিলিত নিট সুদ আয় নেতিবাচক হয়ে পড়েছে।
মুনাফা বাড়লেও কমেছে সঞ্চিতি
ব্যাংকগুলোর মুনাফা বাড়লেও ঋণের বিপরীতে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় রাখা সঞ্চিতি কমেছে। ২৭টি ব্যাংকের সম্মিলিত সঞ্চিতি আগের বছরের ১০ হাজার কোটি টাকা থেকে কমে ৬ হাজার ৯০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ কমেছে। মুনাফায় থাকা ২০টি ব্যাংকের সঞ্চিতি কমেছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। একই সময়ে তাদের সম্মিলিত মুনাফা বেড়েছে ২ হাজার ২৩৮ কোটি টাকার বেশি।
বিশেষ করে ডাচ্-বাংলা ব্যাংকের সঞ্চিতি কমেছে ৮২৩ কোটি টাকা। পূবালী ব্যাংকের মুনাফা ৬৭৩ কোটি টাকা বাড়লেও সঞ্চিতি কমেছে ৩৮৭ কোটি টাকা। তবে ব্যতিক্রম ব্র্যাক ব্যাংক। সঞ্চিতি ৮০ শতাংশ বাড়িয়েও ব্যাংকটি ২ হাজার ১২০ কোটি টাকা মুনাফা করেছে।
অন্যদিকে লোকসানে থাকা সাতটি ব্যাংক ১৩ হাজার ৩৪০ কোটি টাকা লোকসানের বিপরীতে মাত্র ৩৭১ কোটি টাকা সঞ্চিতি রাখতে পেরেছে। এর মধ্যে রূপালী ব্যাংক রেখেছে মাত্র ১ কোটি, আইএফআইসি ব্যাংক ৪ কোটি এবং ন্যাশনাল ব্যাংক ৯ কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক কোনো সঞ্চিতিই রাখেনি।
খাতসংশ্লিষ্টরা বলেন, ইচ্ছামতো ঋণ দেওয়ার কারণে অনেক ব্যাংক এখন বিপদে পড়েছে। ব্যাংকের দেওয়া ঋণ শেষ পর্যন্ত জনগণের টাকা। তাই যাচাই-বাছাই ছাড়া ঋণ দেওয়ার চেয়ে সতর্ক থাকা ভালো।
অন্যদিকে মাসরুর আরেফিন আশঙ্কা প্রকাশ করে বলেন, যেসব ব্যাংকের সঞ্চিতি আশঙ্কাজনকভাবে কমেছে, সেখানে মুনাফা বেশি দেখাতে আর্থিক তথ্য সাজিয়ে উপস্থাপন করা হয়েছে কি না, তা বাংলাদেশ ব্যাংকের খতিয়ে দেখা উচিত।
বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ আদায়ে কঠোরতা, ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন যথাযথভাবে যাচাই এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা না গেলে ব্যাংক খাতের সংকট আরও গভীর হতে পারে। একই সঙ্গে ঋণ বিতরণে আস্থা ফিরিয়ে আনা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো জরুরি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কামাল মুজেরী বলেন, যেসব ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেশি, সেসব ব্যাংকে আমানত বাড়লে স্বাভাবিকভাবেই সুদের হার কমে আসে। বাজারভিত্তিক অর্থব্যবস্থায় এটি একটি প্রচলিত চর্চা। এর ফলে ব্যাংকঋণের সুদের হার কমার সম্ভাবনা তৈরি হয়, যা ব্যবসায়ীদের জন্য ইতিবাচক। তবে আমানতের বিপরীতে সুদের হার কমে যাওয়ায় আমানতকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
এমআর/এআর