নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটতে পারে বা পরিকল্পিতভাবে দরপতন ঘটানো হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানো হচ্ছে।
এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় কমিশন। বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে বলে দাবি করে নানা ধরনের তথ্য প্রচার ও শেয়ার করা হচ্ছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর এসব প্রচারণা বিনিয়োগকারীদের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএসইসি। একইসঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিএসইসি আরও জানায়, দেশের শেয়ারবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস বা প্রচার না করার জন্যও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
এমআর/এএইচ