Dhaka Mail Logo

অর্থনীতি

এসএমই খাতে জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়ানো হবে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে জামানতবিহীন ঋণের পরিমাণ ও বিতরণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দ্রুত আলাদা ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা কল্যাণকর হলেও আপাতত বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই তাদের ঋণ পাওয়ার সুযোগ বাড়ানো এবং ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণের প্রক্রিয়া সহজ করা, বিএসটিআইয়ের সনদ গ্রহণের জটিলতা কমানো এবং বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ তৈরিতে কাজ করছে সরকার।

রোববার (২১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের বর্তমান অবদান নিয়ে সরকার সন্তুষ্ট নয়। অর্থনীতির সুষম বিকাশ এবং আয়বৈষম্য কমাতে এ খাতের অবদান অন্তত ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করা আদর্শ লক্ষ্য হওয়া উচিত। এ খাতের উদ্যোক্তা বাড়লে অর্থনীতির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। পাশাপাশি স্বনিয়োজিত মানুষের সংখ্যাও বাড়বে।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ৩০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছিল। তখনই এই ঋণ কর্মসূচি ২ হাজার কোটি টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। পরবর্তী বাজেটে সেই বরাদ্দ ২ হাজার কোটি টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও ক্ষুদ্র উদ্যোক্তা, নতুন উদ্যোগ এবং নারী উদ্যোক্তাদের জন্য কয়েকটি ঋণ কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচিতে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকঋণ পেতে নানা প্রতিবন্ধকতার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যাংকের প্রচলিত শর্ত পূরণ করে ৬ লাখ, ৮ লাখ কিংবা ১২ লাখ টাকার ঋণ নিতে চাওয়া একজন ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় তারা ঋণপ্রাপ্তি থেকে বঞ্চিত হন। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক ধারণা গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত প্রমাণ করতে পারলে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর একটি অংশ অনুদান এবং বাকি অংশ ঋণ হিসেবে দেওয়া হবে। এ ছাড়া বিসিকের মাধ্যমে কয়েক দিন আগে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ এবং স্থানীয় কার্যালয়ের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। আগামী দিনে জামানতবিহীন ঋণ দেওয়ার পরিমাণ ও সক্ষমতা বাড়ানো হবে।

মন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে ব্যাংকের ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, সেজন্য ঋণপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি জানুয়ারির শুরুতে বেসরকারি খাত থেকে যোগ দেবেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন কিছু কর্মসূচি নেওয়া হবে।

বিএসটিআইয়ের মান সনদ নিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভোগান্তির বিষয়ে মন্ত্রী বলেন, রাজশাহী, পাবনা এবং বিভিন্ন আঞ্চলিক বিসিক কার্যালয় পরিদর্শনেও উদ্যোক্তাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয়ের নির্দিষ্ট সনদ দেওয়ার ক্ষমতা না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। সনদের ফি নিয়েও প্রশ্ন রয়েছে। এসব জটিলতা দূর করতে সরকার কাজ করছে। শিগগিরই এ বিষয়ে সহজ সমাধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার দখলের প্রবণতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বড় প্রতিষ্ঠানের পুঁজি, উৎপাদন সক্ষমতা ও আর্থিক শক্তি বেশি থাকায় তারা তুলনামূলক কম খরচে পণ্য উৎপাদন করতে পারে। অনেক ক্ষেত্রে তাদের ঋণের প্রয়োজনও হয় না। ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ে। তবে প্রতিটি খাতে বড় প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ দিলে ক্ষুদ্র উদ্যোক্তারা পিছিয়ে পড়বেন।

তিনি আরও বলেন, বর্তমানে বাজারে প্রচলিত ঋণের সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশ হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তা ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তাদের উৎপাদন ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে আরও কী ধরনের প্রণোদনা দেওয়া যায়, সেসব বিষয়ে এসএমই ফাউন্ডেশনকে সুপারিশ দিতে বলা হবে। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচি হাতে নেওয়া হবে।

রফতানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি বছরের জুলাই থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি আয়ের ব্যবধান বেড়েছে ৯৮৭ মিলিয়ন ডলার, যা প্রায় ১ বিলিয়ন ডলার। এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বছর শেষে রফতানি আয় ৩ বিলিয়ন ডলারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের কারণে রফতানি কার্যক্রম কয়েক দিন ব্যাহত হয়েছে।

সিএমএসএমই খাতের বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা চলছে। এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, রফতানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ জরুরি ভিত্তিতে নেওয়া হবে।

এমআর/এফএ