জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা না করে দেশের অর্থনীতির চাকা গতিশীল করতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সাত দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক ২০১৭ সাল পর্যন্ত টানা ৩৩ বছর দেশের অন্যতম শক্তিশালী বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সাল থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংকটি দখল ও লুটপাটের শিকার হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক আগের বিতর্কিত পরিচালনা পর্ষদ বাতিল, এস আলমের শেয়ার জব্দ এবং তারল্য সহায়তা দেওয়ার পর ব্যাংকটিতে আস্থা ফিরতে শুরু করেছিল। নতুন আমানত বাড়ার পাশাপাশি তারল্য সংকটও কমতে শুরু করে।
তবে ২০২৬ সালের মে মাসে কোনো যৌক্তিক কারণ ছাড়াই দক্ষ ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা শুরু হয় বলে অভিযোগ করেন নুর নবী মানিক। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে ইসলামী ব্যাংকের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সংকট সমাধানের আশ্বাস দিয়ে নিয়োগ দেওয়া হলেও তিনি এককভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সফল হননি বলে দাবি করেন তিনি।
নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের সংকট সমাধানে ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়েছে। এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে দাবিগুলোকে যৌক্তিক বলে স্বীকার করা হলেও অদৃশ্য কারণে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না।
ফোরামের সাত দফা দাবির মধ্যে রয়েছে—অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন; ২০১৭ সালে কেড়ে নেওয়া প্রকৃত মালিকদের শেয়ার ফিরিয়ে দেওয়া; ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পরিবর্তে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ এবং ব্যাংকের ভেতরে এস আলমের সহযোগীদের চিহ্নিত করে অপসারণ।
এ ছাড়া ইসলামী ব্যাংকগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, এস আলমের বিরুদ্ধে অভিযোগ করা ৮২ হাজার কোটি টাকা লুটের অর্থ উদ্ধার, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্টদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের দেনা পরিশোধের দাবি জানিয়েছে সংগঠনটি।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের চেষ্টা বন্ধ, ব্যাংকের মামলাগুলো পরিচালনায় আইনজীবী পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
ব্যাংকের প্রশাসক জহির হোসেনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুর নবী মানিক বলেন, তিনি ব্যাংকের জন্য ইতিবাচক কোনো পদক্ষেপ নেননি; বরং এস আলমের স্বার্থ সংরক্ষণ করছেন। তার দাবি, লাভজনক ব্যাংকটিকে লোকসানে পরিণত করা হয়েছে। পরিচালনা পর্ষদ গঠনেও প্রশাসক কোনো ভূমিকা রাখেননি। মূলধন বৃদ্ধির নামে ব্যাংকটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও জ্যেষ্ঠ নির্বাহীদের অবসরে পাঠানোর কারণে গ্রাহকদের আস্থার সংকট আরও বেড়েছে। এ অবস্থায় জহির হোসেনকে সম্মানের সঙ্গে অবিলম্বে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ পরিবারের সম্পদ নয়। এটি দেশের কোটি কোটি গ্রাহকের আমানত ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে জড়িত একটি জাতীয় প্রতিষ্ঠান। তাই সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি আদায়ে আগামী রোববার (২২ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল করবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এরপরও দাবি বাস্তবায়ন না হলে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
টিএই/এএম