নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে চাল, আটা, ময়দা ও বিভিন্ন মসলার দাম। গত এক সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে এক থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। একই সময়ে খোলা আটা ও ময়দার দামও বেড়েছে। অন্যদিকে গত দুই থেকে তিন সপ্তাহে জিরা, এলাচ, শুকনা মরিচ, হলুদ ও লবঙ্গের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে এলাচের কেজিতে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম একসঙ্গে বাড়তে থাকায় বাড়তি খরচের চাপে পড়ছেন ক্রেতারা।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মিরপুর ৬, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ৬০ ফিট ও আগারগাঁও এলাকার বাজারকেন্দ্রিক বাজার পরিস্থিতিতে চালের দামে ঊর্ধ্বমুখী প্রবণতার তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, বর্তমানে প্রতি কেজি নাজিরশাইল ও মিনিকেট চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চালের দাম ৫৫ থেকে ৬৫ টাকা। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় সরু ও মাঝারি চালের দাম কেজিতে এক থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।
চালের পাশাপাশি আটা ও ময়দার দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি খোলা আটা ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় দুই টাকা বেশি। অন্যদিকে খোলা ময়দার দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। প্যাকেটজাত আটার দাম প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে আটা-ময়দা কিনতেও ক্রেতাদের আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে।
এদিকে চাল ও আটা-ময়দার পাশাপাশি মসলার বাজারেও বাড়তি দামের চাপ তৈরি হয়েছে। গত দুই থেকে তিন সপ্তাহে প্রতি কেজি জিরার দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। বর্তমানে জিরা বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৬০০ টাকা কেজি দরে। রান্নার অন্যতম প্রয়োজনীয় এ মসলার দাম বাড়ায় বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।
মসলার বাজারে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। গত ১৫ থেকে ২০ দিনে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে মান ও প্রকারভেদে এলাচ বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৫০০ টাকায়। অল্প পরিমাণে ব্যবহার করা হলেও উচ্চমূল্যের কারণে এলাচ কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
এ ছাড়া শুকনা মরিচের দাম কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। হলুদের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। লবঙ্গের দামও কেজিতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রান্নার প্রায় সব ধরনের প্রয়োজনীয় মসলার দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বাজার করতে এসেছেন মিরপুর ৬ নম্বর এলাকার বাসিন্দা আরমান হোসেন। তিনি ঢাকা মেইলকে বলেন, বাজার করতে এসে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে। চাল, আটা, ময়দা থেকে শুরু করে রান্নার মসলার দামও বাড়তি। আগে যে পরিমাণ বাজার করতে এক হাজার টাকা লাগত, এখন একই বাজার করতে আরও বেশি টাকা নিয়ে আসতে হচ্ছে। বিশেষ করে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। জিরা, এলাচ, হলুদ ও শুকনা মরিচের দামও অনেক বেশি। মসলার দাম এত বেশি হওয়ায় প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে। আয় তো আর বাড়েনি, কিন্তু প্রতিদিনের বাজার খরচ বেড়েই চলেছে।
কাজীপাড়া এলাকার কাঁচাবাজারে বাজার করছিলেন শামীম কবির। তিনি ঢাকা মেইলকে বলেন, বাজারে এসে কোন পণ্যের দাম কত, তা নিয়ে প্রতিদিনই নতুন হিসাব করতে হচ্ছে। চালের দাম কিছুটা বাড়লেও সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ চাল তো প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য। আটা-ময়দার দামও বেড়েছে। আগে যে টাকা দিয়ে একসঙ্গে কয়েক ধরনের মসলা কেনা যেত, এখন সেই টাকায় অল্প কয়েকটি মসলা কিনতে হচ্ছে। এলাচের দাম তো অনেক বেশি। জিরা, হলুদ ও শুকনা মরিচের দামও বেড়েছে।
মিরপুর ৬ এলাকার এলাকার চালের দোকানদার শাহ সুলতান ঢাকা মেইলকে বলেন, গত এক সপ্তাহে সরু ও মাঝারি চালের দামে কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ করে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে আমাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে। নতুন ধান বাজারে এলে চালের সরবরাহ বাড়তে পারে। তখন দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
কাজীপাড়া এলাকার মসলা ব্যবসায়ী মাজহার হোসেন জানান, মসলার বাজারে গত কয়েক সপ্তাহ ধরেই দাম বাড়তির দিকে। বিশেষ করে জিরা ও এলাচের দাম অনেক বেড়েছে। গত ১৫ থেকে ২০ দিনে এলাচের কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। জিরার দামও কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। শুকনা মরিচ, হলুদ ও লবঙ্গের দামও আগের তুলনায় বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম বাড়ায় ক্রেতারা আগের মতো বেশি পরিমাণে মসলা কিনছেন না।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চাল, আটা-ময়দা ও মসলার দাম একসঙ্গে বাড়ায় সাধারণ ক্রেতাদের সংসার খরচে নতুন চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। একদিকে চালের মতো প্রধান খাদ্যপণ্যের দাম বাড়ছে, অন্যদিকে রান্নার প্রয়োজনীয় মসলার দামও বাড়তি। ফলে বাজারে পণ্যভেদে দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এএইচ/জেবি