Dhaka Mail Logo

অর্থনীতি

আমদানিতে গন্তব্য চার্জ পরিশোধে কড়াকড়ি, ব্যাংকিং চ্যানেল বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

আমদানি পণ্য নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর সংশ্লিষ্ট পরিবহন, বিমা ও অন্যান্য চার্জ পরিশোধে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডি-ক্যাটাগরি ইনকোটার্মসের আওতায় এসব চার্জের অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে পরিশোধ করা যাবে না। বিদেশি সরবরাহকারী আমদানির পুরো মূল্য গ্রহণ করলেও গন্তব্য-সংশ্লিষ্ট খরচের সমপরিমাণ অর্থ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠান খরচ করার আগেই অর্থ দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএপি (ডেলিভার্ড অ্যাট প্লেস), ডিপিইউ (ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড) ও ডিডিপি (ডেলিভার্ড ডিউটি পেইড) শর্তে আমদানির ক্ষেত্রে পণ্যের নির্ধারিত গন্তব্য পর্যন্ত বিদেশি সরবরাহকারীর বহনযোগ্য খরচ আমদানি মূল্যের অন্তর্ভুক্ত থাকবে।
 
নির্দেশনা অনুযায়ী, এসব শর্তে আমদানির আগে ক্রয়-বিক্রয় চুক্তিতে এফওবি মূল্য, পরিবহন ব্যয়, বিমা এবং গন্তব্য-সংশ্লিষ্ট অন্যান্য চার্জ আলাদাভাবে উল্লেখ করতে হবে। আমদানি মূল্যের মধ্যে গন্তব্য চার্জ অন্তর্ভুক্ত থাকলে বিদেশি সরবরাহকারীকে অর্থ পাঠানোর সময় ওই চার্জের সমপরিমাণ অর্থ বাদ দেওয়া যাবে। বাদ দেওয়া অর্থ বাংলাদেশে সরবরাহকারীর মনোনীত এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠানের হিসাবে জমা দেওয়া যাবে।
 
তবে এ ক্ষেত্রে বিদেশি সরবরাহকারীর অনুমোদন, যথাযথ প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থ পরিশোধের যোগসূত্র থাকতে হবে। কোনো সুবিধাভোগীর হিসাব আমদানির অর্থ পরিশোধকারী ব্যাংকে না থাকলে বিডি-আরটিজিএসের মাধ্যমে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করা যাবে।
 
অন্যদিকে, বিদেশি সরবরাহকারী আমদানির পুরো মূল্য গ্রহণ করতে চাইলে গন্তব্য-সংশ্লিষ্ট খরচের সমপরিমাণ অর্থ পরবর্তী সময়ে বাংলাদেশে পাঠাতে হবে। এ অর্থ স্থানীয় এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠান খরচ করার আগে অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে দেশে আনতে হবে। এ ক্ষেত্রে যে সময়সীমা আগে শেষ হবে, সেটিই কার্যকর হবে।
 
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রত্যাবাসন নিশ্চিত করতে আমদানিকারক ও বিদেশি সরবরাহকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তদারকির নির্দেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব নথিপত্র সংরক্ষণ এবং প্রতিটি অর্থ পরিশোধের সঙ্গে সংশ্লিষ্ট আমদানি লেনদেনের যোগসূত্র নিশ্চিত করতে বলা হয়েছে।
 
টিএই/এআর