Dhaka Mail Logo

অর্থনীতি

সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ খেলাপি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। পরবর্তী সময়ে পরিস্থিতির আরও অবনতি হয়। ২০২৬ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। বিগত পাঁচ বছরে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। ওই বছর খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরের বছর, অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ। সর্বশেষ গত সেপ্টেম্বর শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। এ ছাড়া ২০২৩ সালে খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।

মন্ত্রী বলেন, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন সমস্যা বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পত্তির বিবরণী অনুসন্ধান করছে। আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং অন্যান্য সংস্থাসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রমের মাধ্যমেও এ কাজ চলছে।

এ ছাড়া ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএইচএইচ/এআর