Dhaka Mail Logo

অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে ১৫৭৫ কোটি টাকার ফল রফতানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

২০২৫-২৬ অর্থবছরে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা ১৫৭৫ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকার (১২৪.৭২ রেট) ফল রফতানি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রশ্নোত্তর পর্বে সাদিক রিয়াজ জানতে চান, বর্তমানে বাংলাদেশ থেকে কোনো ফল রপ্তানী করা হয় কিনা, হলে কী কী ফল কোন কোন দেশে রফতানি করা হয়? ভবিষ্যতে ফল রফতানি বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা?

জবাবে মন্ত্রী বলেন, ‘২০২৫-২৬ অর্থ-বছরে বাংলাদেশ থেকে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের ফল রফতানি হয়েছে।

‘যে দেশগুলোতে ফল রফতানি হয়েছে তা হলো- সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ (স্থানীয় রফতানি কোড), কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।’

তিনি বলেন, ‘লিচু ও অন্যান্য কৃষিপণ্যের রফতানি সম্প্রসারণে রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচি ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গত ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আম ও আমজাত পণ্যের রফতানি সম্ভাবনা, বাজার সম্প্রসারণ ও রফতানি বহুমুখীকরণ বিষয়ে আলোচনা করা হয়।’

এমএইচএইচ/এএম