নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহের নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এসব উদ্যোগের কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
তিনি বলেন, ‘ইতোমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে অ্যাকাউন্টটি নিয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।’
গভর্নর জানান, একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার থেকে পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়। তবে আগামী তিন থেকে চার বছরে এনআরসি খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন দেশের রিজার্ভের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি না করে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে কোনো এক কারণে এই তিন ধরনের বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন সেগুলোর মেয়াদ ও বিনিয়োগের সুযোগ আরও উন্মুক্ত করার বিষয়ে কাজ চলছে বলে তিনি জানান।
এই তিন ধরনের বন্ডে মোট ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে জানিয়ে গভর্নর বলেন, বিধিনিষেধ শিথিল করা সম্ভব হলে এসব বন্ডে আরও বেশি বৈদেশিক মুদ্রা বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এতে রিজার্ভ বাড়ার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহও বাড়বে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো এবং প্রবাসীদের অর্থ দেশের বিনিয়োগ খাতে আনতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
এমআর/এসআই