নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়কে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামীকালও এই ১৪৭টি কারখানা চালু রাখা সম্ভব হবে না। তাছাড়া মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনাও চালানো সম্ভব হবে না।
কারখানা চালানো সম্ভব না হলে মালিকরা কাল থেকেই ‘কাজ নেই, মজুরি নেই’ বিধান কার্যকর করতে পারবেন বলেও জানান বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে তার অভিযোগ, কারখানার ভেতরে কিছুসংখ্যক শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরা কাজ করছেন না, পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।
তিনি আরও বলেন, কিছু কারখানায় এমন ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে কর্মীরা কাজ বন্ধ করে পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। কারখানা থেকে বের হওয়ার পর একদল শ্রমিক অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইটপাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন। পাশাপাশি সেসব কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে আনার চেষ্টা করছেন। এতে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
তবে সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। তার ভাষ্য, মাঠপর্যায়ের অনেক শ্রমিক নেতা ও প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। ফলে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।
এআরএম