নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ এএম
বিনিয়োগকারীদের মধ্যে সাব-কবলা দলিল হস্তান্তর করেছে টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ের জিদান জানিয়েছেন, অধিকাংশ নিবন্ধনপ্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেসব বিনিয়োগকারী সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন, তাদের দ্রুত নিবন্ধন দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে আয়োজিত প্রতিষ্ঠানটির সার্টিফিকেট প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবিনা জাহান তিথী ও নাঈমা জাহান নিশু।
হুমায়ের জিদান বলেন, বিনিয়োগকারীদের দেওয়া অর্থকে প্রতিষ্ঠান আমানত হিসেবে বিবেচনা করে। তাদের আস্থা ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চলমান প্রকল্পের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে প্রকল্পের বেজ নির্মাণের কাজ চলছে। রাতেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে। কোনো পরিস্থিতিতেই কাজ বন্ধ হবে না বলে জানান তিনি।
প্রতিষ্ঠানের শেয়ার কাঠামো সম্পর্কে এমডি বলেন, ৭০০টি শেয়ার বিক্রি করে বাকি ৩০০টি নিজেদের কাছে রাখার পরিকল্পনা রয়েছে। সর্বোচ্চ ৩০০ জনের মধ্যে শেয়ারহোল্ডারের সংখ্যা সীমিত রাখতে চায় প্রতিষ্ঠানটি।
তিনি আরও জানান, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় ভবিষ্যতে শেয়ারের মূল্য সমন্বয় করা হতে পারে। এ ক্ষেত্রে একবারে বড় অঙ্কে না বাড়িয়ে দুই থেকে তিন মাসের ব্যবধানে ধাপে ধাপে দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস) এ বি এম আবু সায়েম, পরিচালনা পর্ষদের সদস্য, বিনিয়োগকারী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বিনিয়োগকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণের পাশাপাশি তিন কর্মীকে আউটস্ট্যান্ডিং পারফরমার অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এম