Dhaka Mail Logo

অর্থনীতি

তিন দিনে ভরিতে ৭ হাজার টাকা কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। তিন দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৭ হাজার ৩২ টাকা। সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) প্রতি ভরিতে আরও ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। বৃহস্পতিবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ফলে এক দিনের ব্যবধানে ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। শুক্রবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন এ দাম নির্ধারণ করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তার আগের দিন বুধবার কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। সব মিলিয়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৭ হাজার ৩২ টাকা।

অপরিবর্তিত রুপার দাম

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ মূল্য কার্যকর থাকবে।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ১৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭২ বার। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে কমানো হয়েছিল ২৯ বার। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর স্বর্ণের দাম সমন্বয়ের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এমআর