Dhaka Mail Logo

অর্থনীতি

২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২২০৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএম

কৃষি উৎপাদন সচল রাখা এবং কৃষকদের সার সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার ও দেশীয় প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আটটি ক্রয় প্রস্তাবের আওতায় মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার আমদানি করা হবে। পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

প্রস্তাব অনুযায়ী, মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে। টিএসপি সার কেনা হবে দুটি লটে। প্রতিটি লটে ৩০ হাজার মেট্রিক টন করে সার সংগ্রহ করা হবে। এর মধ্যে ১০ম লটে সার কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার। আর ১১তম লটে একই পরিমাণ সার কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

একই প্রতিষ্ঠান থেকে দুই দফায় ৪০ হাজার মেট্রিক টন করে মোট ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ ও অষ্টম লটের আওতায় এসব সার কেনা হবে। প্রতিটি লটে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

অন্যদিকে, সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই দফায় ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। প্রতিটি লটে ৪০ হাজার মেট্রিক টন করে সার কেনা হবে। প্রথম লটে সার কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। দ্বিতীয় লটে একই পরিমাণ সার কিনতে খরচ হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। দুই লটে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম যথাক্রমে ৪৩২ দশমিক ৫০ ও ৪৩০ দশমিক ৮৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের আওতায় এই সার সংগ্রহে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার।

দেশীয় উৎস থেকেও ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এসব সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার। এর মধ্যে মূল সারের দাম ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং বস্তাবন্দির খরচ ৫ ডলার।

সরকারের এই আটটি ক্রয় প্রস্তাব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজার ও দেশীয় উৎস মিলিয়ে মোট ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহ করা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

এএইচ/এআর