Dhaka Mail Logo

অর্থনীতি

রফতানি সক্ষমতা বাড়াতে ৫ বছরের প্রকল্প, সহায়তা পাবেন ৩২০০ উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

কানাডার পাটজাত পণ্যের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে পাঁচ বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও কানাডার ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও)। 

এ প্রকল্পের আওতায় পাটজাত বহুমুখী পণ্য, হস্তশিল্প ও ফ্যাশন সামগ্রী উৎপাদনকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অর্থায়ন, কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরি করে দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উদ্যোক্তাদের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ (ট্রাইসেগ) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিসিসিআই ও টিএফও কানাডা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন। কানাডার বাজার পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে লাইটক্যাসল পার্টনারস।

এতে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের উন্নয়ন বিভাগের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিক। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম। প্রধান অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক ও মাজেদা জুট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জাবদুল ইসলাম এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন।

কানাডার অর্থায়নে পরিচালিত ট্রাইসেগ প্রকল্পের মূল লক্ষ্য জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত করা। টিএফও কানাডার তথ্য অনুযায়ী, এশিয়া,

আফ্রিকা ও লাতিন আমেরিকার ১৬টি দেশের ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে এ প্রকল্পের আওতায় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে। এর অন্তত দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠান হবে নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর মালিকানাধীন বা পরিচালিত। এ ছাড়া ৫ হাজার ৫০০ উদ্যোক্তাকে অনলাইন বাণিজ্যবিষয়ক তথ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির পাঁচটি প্রধান ক্ষেত্র হলো রফতানি সক্ষমতা বৃদ্ধি, নারী ও সামাজিক অন্তর্ভুক্তি, ডিজিটালাইজেশন, পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা এবং অর্থায়নের সুযোগ সম্প্রসারণ।

প্রকল্পের আওতায় বাংলাদেশের বাজার সম্ভাবনা মূল্যায়নে দেখা গেছে, ২০২৫ সালে কানাডার পাটজাত পণ্য আমদানির বাজারে বাংলাদেশের অংশ ছিল ১৮ দশমিক ৫ শতাংশ। বিপরীতে ভারতের অংশ ৫৮ শতাংশ এবং চীনের ১১ শতাংশ। তবে পরিশোধিত ও বহুমুখী পাটপণ্যের বাজারে বাংলাদেশের অবস্থান এখনো দুর্বল। বিশেষ করে তৈরি পাটজাত পণ্যের কানাডীয় বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ সরবরাহ করছে চীন।

মূল্যায়নের আওতায় থাকা ৫৫টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টি পাটজাত বহুমুখী পণ্য, ১৩টি হস্তশিল্প এবং দুটি ফ্যাশন সামগ্রী উৎপাদনের সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানের ৭৪ শতাংশ নারী মালিকানাধীন বা নারীদের নেতৃত্বাধীন।

মূল্যায়নে রফতানি সম্প্রসারণের ক্ষেত্রে কয়েকটি বড় প্রতিবন্ধকতাও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্রেতা খুঁজে পাওয়া, আন্তর্জাতিক মান ও সনদ অর্জন, পণ্যের গুণগত মান বজায় রাখা, অর্থায়ন এবং পরিবহন ব্যয়। জরিপে অংশ নেওয়া ৩৬টি সম্ভাবনাময় প্রতিষ্ঠানের মধ্যে ২২টি ক্রেতা শনাক্ত ও বাজারসংযোগের অভাবকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে অভিজ্ঞ রফতানিকারকদের ৯৩ শতাংশ উচ্চ পরিবহন ব্যয়কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

এসব প্রতিবন্ধকতা কাটাতে সক্ষম উদ্যোক্তাদের মাধ্যমে একাধিক ছোট প্রতিষ্ঠানের পণ্য একত্র করে রফতানির মডেল তৈরির প্রস্তাবও দিয়েছে প্রকল্পের মূল্যায়ন। এর মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি প্যাকেজিং ও পরিবহন ব্যয় কমানো এবং বড় ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।

এমআর/এআরএম