জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
দেশের ব্যাংকগুলোর গ্রাহকসেবামূলক অ্যাপের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। জরিপে অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ৩১ শতাংশের অ্যাপভিত্তিক লিখিত ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা রয়েছে, যা নিয়মিত পরীক্ষা করা হয়।
এ ছাড়া মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) ট্রাফিক পর্যবেক্ষণ করে। তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ও এপিআইয়ের নিরাপত্তা তদারকিতেও দুর্বলতা রয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে বুধবার ‘ব্যাংকিং অ্যাপস সিকিউরিটি ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা অংশ নেন।
গবেষণায় দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ ব্যাংকে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ইভেন্ট লগিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে এসব তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকলেও তাৎক্ষণিকভাবে ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতা তুলনামূলক কম। মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। অন্যদিকে, নিয়মিত পরীক্ষা করা হয় এমন লিখিত ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের।
গ্রাহককেন্দ্রিক জালিয়াতিও ব্যাংকগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গবেষণায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। এরপর রয়েছে গ্রাহকের অ্যাকাউন্ট দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা। এসব প্রতিরোধে ব্যাংকগুলো গ্রাহক সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিলেও সেগুলো গ্রাহকের আচরণে কতটা প্রভাব ফেলছে, তা পরিমাপের প্রবণতা কম।
গ্রাহকের পরিচয় যাচাই এবং তৃতীয় পক্ষের নিরাপত্তা তদারকিতেও ব্যাংকগুলোর সক্ষমতায় পার্থক্য রয়েছে। জরিপে ৭৮ শতাংশ ব্যাংক ডিভাইস বাইন্ডিংয়ের পাশাপাশি পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে অ্যাডাপটিভ অথেনটিকেশন ব্যবহার করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক। এ ছাড়া ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি ভেন্ডর বা তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ পরিচালনা করলেও মাত্র ৩৪ শতাংশ ব্যাংক তৃতীয় পক্ষের এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে।
সাইবার নিরাপত্তা জোরদারে বাজেট ও দক্ষ জনবলের সীমাবদ্ধতাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকগুলো। গবেষণায় অংশ নেওয়া ৪৭ শতাংশ ব্যাংক বাজেটের সীমাবদ্ধতা এবং সমানসংখ্যক ব্যাংক পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে। অন্যদিকে, ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে।
গবেষণার প্রাথমিক জরিপে ৩৪টি ব্যাংক অংশ নেয়। এতে বর্ণনামূলক জরিপ, ফোকাস গ্রুপ আলোচনা, সংশ্লিষ্ট নীতিমালা ও কাঠামো পর্যালোচনার পাশাপাশি দেশি-বিদেশি অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। তবে উদ্দেশ্যমূলক নমুনায়ন ও নির্দিষ্ট সময়ের তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হওয়ায় এর ফলাফলকে পুরো ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র কিংবা স্বাধীনভাবে নিরীক্ষিত তথ্য হিসেবে বিবেচনার সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সি বিভাগের পরিচালক ও অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।
গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের প্রভাষক ফাহাদ আহমেদ। গবেষণা দলের অন্য সদস্য ছিলেন মো. শিহাব উদ্দিন খান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ।
সমাপনী বক্তব্যে ড. মো. এজাজুল ইসলাম ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি বিষয়ে গুরুত্ব দেন। এগুলো হলো যৌথ নিরাপত্তা মহড়া, জালিয়াতি প্রতিরোধে সহজ অভিযোগ জানানোর ব্যবস্থা ও শক্তিশালী গ্রাহক যাচাইকরণ এবং ভেন্ডরদের নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট জবাবদিহি।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, ডিজিটাল ব্যাংকিং ও গ্রাহকসেবা বিভাগের মধ্যে সমন্বয় করে নিয়মিত যৌথ মহড়া আয়োজন করতে হবে। এতে কোনো নিরাপত্তা ঘটনা ঘটলে কোন বিভাগ সিদ্ধান্ত নেবে, কীভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং কখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, তা আগেই নির্ধারণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গ্রাহকদের সন্দেহজনক জালিয়াতির ঘটনা জানানোর প্রক্রিয়া সহজ করতে হবে। লেনদেনের ঝুঁকি বিবেচনায় শক্তিশালী পরিচয় যাচাই ব্যবস্থা চালু করার পাশাপাশি অ্যাপের পুরো জীবনচক্রে ভেন্ডরদের নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এসব কার্যক্রম তদারকির জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় বিশেষায়িত দক্ষতা ও জনবল গড়ে তুলতে হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সাইবার নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি পরিমাপে সুনির্দিষ্ট সূচক নির্ধারণের পরামর্শ দেন ড. এজাজুল ইসলাম।
তিনি বলেন, গ্রাহকের অভিযোগ পাওয়ার পর কত দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা মহড়ায় শনাক্ত হওয়া দুর্বলতার কত শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে, তা নিয়মিত পরিমাপ করতে হবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিভঙ্গি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অভিজ্ঞতা ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করতে পারে।
আলোচনায় নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান।
গবেষণায় ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষিত ইনসিডেন্ট রেসপন্স ব্যবস্থা, উচ্চঝুঁকির লেনদেনে শক্তিশালী সুরক্ষা, ভেন্ডরদের ধারাবাহিক তদারকি এবং বিশেষায়িত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
টিএই/এআরএম