Dhaka Mail Logo

অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি চায় বিটিএমএ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সভায় এসব দাবি ও প্রস্তাব তুলে ধরে বিটিএমএ। সভায় সংগঠনটির সভাপতি শামীম ইসলাম, সহসভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার অংশ নেন। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বিটিএমএর প্রতিনিধিরা বলেন, দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা জরুরি। একই সঙ্গে সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির আওতায় আমদানির বিধান চালুর প্রস্তাব দেন তাঁরা।

এ ব্যবস্থা কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং আমদানি কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপরও গুরুত্ব দেন বিটিএমএর প্রতিনিধিরা।

এ ছাড়া ব্যবসা পরিচালনার সুবিধার্থে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ বরাদ্দে সমতা প্রতিষ্ঠা ও তহবিলের আকার বাড়ানো এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স প্রদান সহজ করাসহ বিভিন্ন বিষয় সভায় তুলে ধরেন তাঁরা। এসব বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান সংগঠনটির প্রতিনিধিরা।

সভায় বিস্তারিত আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন। ফলে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সরকারের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

সভায় উত্থাপিত অন্যান্য প্রস্তাব ও দাবি সার্বিক দিক বিশ্লেষণ করে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়।

টিএই/এআর