Dhaka Mail Logo

অর্থনীতি

তুরস্কের বাজারে পোশাক রফতানি বেড়েছে দ্বিগুণেরও বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

তুরস্কের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে পোশাক রফতানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০৭ দশমিক ০৫ শতাংশ বেশি। তুরস্কের বাজারে এই বড় প্রবৃদ্ধির ওপর ভর করেই অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানিতে সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি থেকে আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২১৭ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ডলার।

এই বাড়তি রফতানির প্রায় ৫৩ শতাংশই এসেছে তুরস্কের বাজার থেকে। গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে পোশাক রফতানির পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারে। অপ্রচলিত বাজারে মোট পোশাক রফতানিতে তুরস্কের অংশও ৪ দশমিক ৬০ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৭১ শতাংশ হয়েছে। তুরস্ককে বাদ দিলে অপ্রচলিত বাজারে পোশাক রফতানির সামগ্রিক প্রবৃদ্ধি হতো প্রায় ৪ দশমিক ৬ শতাংশ।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জাপান। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে রফতানি হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে মোট রফতানির ১৮ দশমিক ৪৪ শতাংশ এসেছে জাপান থেকে।

একই সময়ে অস্ট্রেলিয়ায় পোশাক রফতানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলারে। দক্ষিণ কোরিয়ায় রফতানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। দেশটিতে রফতানির পরিমাণ হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলার।

তবে ভারতের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রফতানি হয়েছে ২৫ কোটি ৯ লাখ ডলারের পোশাক, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩৮ শতাংশ কম।

শীর্ষ পাঁচ বাজারের বাইরে থাকা অন্যান্য অপ্রচলিত বাজারে পোশাক রফতানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এসব বাজারে মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ কোটি ডলার। অপ্রচলিত বাজারে বাংলাদেশের মোট পোশাক রফতানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ এসেছে এই বাজারগুলো থেকে।

শুধু অক্টোবর মাসের হিসাবেও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে এসব বাজারে রফতানি হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি।

অক্টোবরে তুরস্কে পোশাক রফতানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৯৮ লাখ ডলার। এ মাসে জাপানের পর অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্ক ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানির বাজার।

অক্টোবরে জাপানে পোশাক রফতানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি। অস্ট্রেলিয়ায় রফতানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে হয়েছে ৫ কোটি ৫০ লাখ ডলার।

তবে অক্টোবরেও ভারতের বাজারে রফতানি কমেছে। এ মাসে দেশটিতে পোশাক রফতানি হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ কম। দক্ষিণ কোরিয়ায় রফতানি কমেছে ৪ দশমিক ৬০ শতাংশ। অক্টোবরে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল ৩ কোটি ৪ লাখ ডলার।

টিএই/এএস