Dhaka Mail Logo

অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া একমত

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর দুই দেশের উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সিইপিএ চূড়ান্ত করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জাহাজ নির্মাণশিল্পে সহযোগিতা এবং এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার কথা জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোরীয় বিনিয়োগকারীদের বিভিন্ন নীতিগত সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণে শিগগির একটি যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০টি কোরীয় কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং শুল্কসংক্রান্ত নীতিমালার প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

এর প্রেক্ষিতে স্যামসাংসহ কোরীয় বিনিয়োগকারীদের আমদানি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম পুরোপুরি অনলাইন ও তাৎক্ষণিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুন। তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে খসড়া চূড়ান্ত করা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাহাজ নির্মাণশিল্পে যৌথ বিনিয়োগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এ খাতে স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। এর মাধ্যমে বৈশ্বিক চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন তিনি।

এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এ ছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএই/এমআর