Dhaka Mail Logo

অর্থনীতি

আগামী ১ জুলাই থেকে স্ট্যাম্প শুল্ক পরিশোধে বাধ্যতামূলক হচ্ছে এ-চালান

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

স্ট্যাম্প শুল্ক পরিশোধে ডিজিটাল পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্কের অর্থ পরিশোধে স্বয়ংক্রিয় চালান ব্যবস্থা (এ-চালান) বাধ্যতামূলক করা হচ্ছে। শুল্কের পরিমাণ যা-ই হোক, এ পদ্ধতিতেই অর্থ পরিশোধ করতে হবে। তখন প্রচলিত পদ্ধতিতে স্ট্যাম্প শুল্ক পরিশোধের সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে। তবে ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান ব্যবহার বাধ্যতামূলক হবে।

এ বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল লেখার ক্ষেত্রে কোর্ট ফি পেপার ব্যবহার করতে হবে। দলিল নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। পাশাপাশি দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধসংক্রান্ত এ-চালানের নম্বর উল্লেখ করতে হবে।

বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে। বিমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধসংক্রান্ত এ-চালানের নম্বর উল্লেখ করতে হবে।

একই সঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একযোগে (বাল্ক) স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে যাঁদের পক্ষে অর্থ পরিশোধ করা হচ্ছে, তাঁদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক নয়। তবে প্রয়োজনে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করা যাবে।

আইআরডি বলছে, এ-চালানের মাধ্যমে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধের কার্যক্রম স্বয়ংক্রিয় করা হলে প্রচলিত ইমপ্রেস ও অ্যাডহেসিভ স্ট্যাম্পের মজুত, সংরক্ষণ, বিতরণ ও কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।

এমআর/এআর