Dhaka Mail Logo

অর্থনীতি

ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

ব্রাজিলে দ্বিতীয় ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ-ব্রাজিল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। আগামী ২২ থেকে ২৫ মার্চ ব্রাজিলের সাও পাওলো শহরের প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টোস-এ অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফ্যারেস।

রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলকে শুধু ফুটবল, সমুদ্রসৈকত ও কৃষির দেশ হিসেবে দেখার সুযোগ নেই। দেশটির রয়েছে শক্তিশালী শিল্প, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক অর্থনীতি। অটোমোবাইল, ইলেকট্রনিক্স, মহাকাশ, জ্বালানি, খনিজ, পেট্রোকেমিক্যাল, স্বাস্থ্য ও জীবপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্রাজিলের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। এসব খাতে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, গত চার বছরে বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সফর বেড়েছে। বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সরাসরি যোগাযোগ, ব্যবসায়িক বৈঠক ও পারস্পরিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের উদ্যোগী হয়ে যোগাযোগকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাজির হক। মূল প্রবন্ধ ও উপস্থাপনা তুলে ধরেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবেদীন।

উপস্থাপনায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা, রফতানি বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও অংশীদারত্ব তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভেঞ্চুরা গ্লোবালের একজন প্রতিনিধির অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, ২০২৫ সালে প্রথম 'মেইড ইন বাংলাদেশ এক্সপো' বাংলাদেশি পণ্য প্রদর্শন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছিল। 

সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৭ সালের এক্সপোর মাধ্যমে ব্রাজিলের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি আরও সম্প্রসারণ এবং বৃহত্তর লাতিন আমেরিকার বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলাল উদ্দিন আহমেদ। সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন রেজাউল আলম মিরু।

এএইচ