Dhaka Mail Logo

অর্থনীতি

মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক সোমবার, প্রস্তাব দেবে মালিক-শ্রমিক পক্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পিএম

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মাসিক মজুরি কত হওয়া উচিত, তা নিয়ে পৃথক লিখিত প্রস্তাব দেবে মালিক ও শ্রমিক পক্ষ। সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে এ প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। বৈঠকে বোর্ডে আরও দুজন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পোশাক খাতের সব পদে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

এর আগে গত বুধবার মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষ একমত হয়। অর্থাৎ ডিসেম্বর মাসের মজুরি জানুয়ারিতে পরিশোধের সময় নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা। এ সিদ্ধান্তের পর শ্রমিকদের আন্দোলন কিছুটা কমে আসে। আশুলিয়া ছাড়া অন্যান্য শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে ফিরেছেন।

তবে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ পুরোপুরি কাটেনি। শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যাওয়ায় রোববারও এ অঞ্চলের ৩০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে।

বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিক পক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে। বোর্ডের একমাত্র নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

নতুন মজুরি নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। তাঁদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি জানানো হয়েছে। তবে বিভিন্ন সভা-সমাবেশে শ্রমিক সংগঠনগুলো সর্বোচ্চ ৩৭ হাজার টাকাসহ বিভিন্ন অঙ্কের মজুরির প্রস্তাবও তুলে ধরেছে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর করা হয়। পরের মাস থেকে শ্রমিকরা বর্ধিত মজুরি পেয়ে আসছেন। সাধারণত প্রতি পাঁচ বছর পরপর পোশাকশিল্পে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হতো। তবে গত ১০ এপ্রিল জাতীয় সংসদে শ্রম আইন সংশোধন বিল পাসের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

টিএই/এসটি