নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার মাধ্যমে এ অর্থ ছাড় করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পিকেএসএফের সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাড় করা অর্থের মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১ হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ঋণ পাওয়া উদ্যোক্তাদের ৮৭ শতাংশই নারী। গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকা পেয়েছিল পিকেএসএফ।
দেশের ৬৪টি জেলায় সোপান কর্মসূচির আওতায় চারটি উপখাতে ঋণ বিতরণ করা হচ্ছে। উপখাতগুলো হলো—প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প, সেবা এবং মূল্য সংযোজন শৃঙ্খলে অর্থায়ন।
এসব খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণে অর্থায়ন করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রমেও ঋণ দেওয়া হচ্ছে।
কর্মসূচিটির অন্যতম উদ্দেশ্য হলো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। এ ছাড়া কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে।
পিকেএসএফ জানায়, ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমেও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে উদ্যোগগুলোর পণ্য ও সেবা সরবরাহের আগের ও পরের ধাপের ব্যবসায়িক কার্যক্রমেও অর্থায়নের পরিকল্পনা রয়েছে।
এসব লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের অনুকূলে বিশেষ তহবিল হিসেবে ৫ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। এর মধ্যে ইতোমধ্যে তিন ধাপে ৩ হাজার ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে। অবশিষ্ট ১ হাজার ২৫০ কোটি টাকা আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে।
পিকেএসএফ জানিয়েছে, অনুমোদিত তহবিলের পুরো অর্থ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে মাঠপর্যায়ে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।
ঋণ বিতরণের মান বজায় রাখা এবং কার্যক্রমের তদারকি নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ে সদস্যভিত্তিক ঋণ বিতরণ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রতিদিন সংগ্রহ, সংরক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এএইচ/এআর